আওয়ামী লীগ বুঝবে ‘কত ধানে কত চাল’: আমীর খসরু
আগামী জাতীয় নির্বাচন নিয়ে খেলা খেললে আওয়ামী লীগ ‘কত ধানে কত চাল’, তা বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে যদি ২০০৮, ২০১৪ ও ২০১৮-এর মতো খেলা শুরু করেন, তাহলে মজা বুঝবেন, কত ধানে কত চাল। বাংলাদেশের মানুষ বুঝিয়ে দেবে।’
আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে দাবি করে বিএনপির এই সাবেক মন্ত্রী বলেন, ঢাকায় বিভিন্ন দেশের কূটনৈতিকেরা পরিষ্কার বার্তা দিচ্ছেন, যদি বাংলাদেশের গণতন্ত্র নিচের দিকে যায়, তাহলে বাংলাদেশের সঙ্গে তাঁদের সম্পর্কও নিচের দিকে যাবে। ভোট চুরির নির্বাচন, খুন, গুম, হত্যা ও গায়েবি মামলা দিয়ে বাঁচার সুযোগ নেই।
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত পদযাত্রায় শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনের সামনের সড়ক থেকে এই পদযাত্রা শুরু হয়।
আওয়ামী লীগ এতিম হয়ে গেছে বলে মন্তব্য করে আমীর খসরু বলেন, আওয়ামী লীগ মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। পুলিশের পিছু পিছু ঘুরছে। দা-লাঠি নিয়ে ওরা শান্তি সমাবেশ করেছে। ওরা নাকি জনগণের সম্পদ রক্ষা করবে। বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্ট রেজিমকে বিদায় করার সিদ্ধান্ত নিয়েছে।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইন রক্ষার জন্য, শান্তি রক্ষার জন্য একজনকে থাকতে হবে। পুলিশ থাকবে, না হয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা থাকবে। দুজন তো থাকতে পারে না। দেশে আইন থাকলে পুলিশ থাকবে। আইন না থাকলে আওয়ামী সন্ত্রাসীরা দা-ছুরি নিয়ে থাকবে। তবে দা, ছুরি ও লাঠি দিয়ে বাংলাদেশের মানুষকে দমানো যাবে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, বিএনপি নীরব পদযাত্রা শুরু করেছে। এতে একটি দলের গাত্রদাহ শুরু হয়ে গেছে। সে দলের প্রতি জনগণের কোনো আস্থা নেই। আজকে যদি বাহিনী সমর্থন প্রত্যাহার করে, তাহলে রাস্তায়ও নামতে পারবে না। বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় আছে, থাকবে। সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। আগামী ১৫ দিনের মধ্যে সরকারের লোকজন পালিয়ে যাবে, তাদের খুঁজে পাওয়া যাবে না। ওবায়দুল কাদেরকেও রাস্তায় পাওয়া যাবে না।
আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেন, আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ছলচাতুরী করছে। আগে বিএনপির কর্মসূচিতে বোমা মেরে তার দায় নেতা-কর্মীদের ওপর চাপিয়ে দিত। এখন তা আর পারবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্র সম্মেলনে দ্বিতীয়বার আমন্ত্রণ পেল না। তারপরও তাদের লজ্জা-শরম নেই।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
সমাবেশ শেষে বিএনপির পদযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পদযাত্রায় নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা বিভিন্ন দাবির পক্ষে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করেন।