জুলাইয়ের রক্তের ঋণ ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না: এবি পার্টি
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও রক্তের ঋণ ভুলে গেলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। আজ শুক্রবার রাজধানীর রায়েরবাজার গণকবরে জুলাইয়ের শহীদদের স্মরণে এবি পার্টি আয়োজিত দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, শত শত মানুষের শাহাদাত এবং হাজার হাজার মানুষের পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ফলে জুলাইয়ের শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি রাষ্ট্রের বড় দায়িত্ব রয়েছে।
এবি পার্টির সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এর অর্থছাড় বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের পুনর্বাসনে রাষ্ট্র কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। এ বিষয়ে কোনো ধরনের টালবাহানা না করে দ্রুত প্রয়োজনীয় আর্থিক ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
রায়েরবাজার গণকবরসহ দেশের বিভিন্ন স্থানে এখনো নাম-পরিচয়হীন অনেক জুলাই শহীদের মরদেহ রয়েছে দাবি করে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এসব অজ্ঞাতনামা শহীদের পরিচয় দ্রুত শনাক্ত করতে হবে। একই সঙ্গে তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সম্প্রতি হবিগঞ্জ ও সিলেটে রাজনৈতিক কর্মসূচিতে হামলার সমালোচনা করে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর সহিংসতা ও সন্ত্রাসের সংস্কৃতি অবিলম্বে পরিহার করতে হবে।
দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স এবং দলের গণশিক্ষা ও পাঠাগারবিষয়ক সম্পাদক আনোয়ার ফারুক প্রমুখ।