দলীয় প্রার্থীর নির্বাচনী সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মোশাররফ হোসেন
চট্টগ্রাম–৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন সংসদ সদস্য ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন।
মঙ্গলবার বিকেলে নগরের বহদ্দারহাটে একটি কনভেনশন সেন্টারে নির্বাচনী এলাকায় প্রার্থীর সমর্থকদের এক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি।
সভায় প্রার্থী নোমান আল মাহমুদকে পাশে নিয়ে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘নৌকা মানে বাংলার মানুষের মুক্তি। এই নৌকা নিয়েই আমি যাত্রা শুরু করি। আমার জীবনও হয়তো একদিন শেষ হবে। আবার এই যাত্রাপথে নেত্রী নোমান আল মাহমুদকে নৌকা প্রতীক দিয়েছেন। তিনি নতুন পথের যাত্রী।’
চট্টগ্রাম–১ আসনের (মিরসরাই) সংসদ সদস্য মোশাররফ আরও বলেন, ‘নির্বাচন নিয়ে যেসব প্রতিশ্রুতি ও অঙ্গীকার ভোটারদের কাছে তুলে ধরেছেন তা পূরণের মতো যোগ্যতা আছে নোমান আল মাহমুদের। তিনি পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর কোনো কলঙ্ক নেই। কলঙ্কমুক্ত এই মানুষেরাই আমাদের আগামীর প্রতীক।’
সভায় আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির হাজারখানেক নেতা–কর্মী উপস্থিত ছিলেন। এই সভার বিষয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা আছে, ‘চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদের নির্বাচনী সভায় মোশাররফ হোসেন এমপি।’
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, সংসদ সদস্য হিসেবে কেউ প্রচারণায় অংশ নিতে পারেন না। সংসদ সদস্য ঘরোয়া সভায় অংশ নিয়েছেন, নাকি অন্য কোনো অনুষ্ঠানে গেছেন, তা খতিয়ে দেখতে হবে। নির্বাচনী প্রচারণা হলে তিনি তা পারেন না।
এ বিষয়ে জানতে মোশাররফ হোসেন ফোন দিলেও তিনি ধরেননি। তবে প্রার্থী নোমান বলেন, নির্বাচনী এজেন্ট ও কেন্দ্র কমিটির সদস্যদের সঙ্গে মতিবিনিময় সভায় মোশাররফ প্রধান অতিথি ছিলেন। সংসদ সদস্য নয়, তিনি দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেই ছিলেন। তিনি কোনো সরকারি সুবিধা এ সময় নেননি।
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী বৃহস্পতিবার। নির্বাচনে প্রার্থী আছেন চারজন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ।