জনগণের ভোট চাইলে আ.লীগ মানুষকে কষ্ট দিত না: নজরুল ইসলাম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামেনাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে সমাবেশে বক্তব্য দেন দলেন নেতা নজরুল ইসলাম খান
ছবি: সৌরভ দাশ

দ্রব্যমূল্য প্রতিদিনই বাড়ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাইলে আওয়ামী লীগ মানুষকে কষ্ট দিত না। তারা জনগণের ভোট চায় না। ভোটের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম বিএনপির নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্ষমতাসীন দলের ‘উসকানিমূলক পাল্টা’ কর্মসূচির প্রতিবাদে এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে সমাবেশ করে বিএনপি।

চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নেতা-কর্মীরা এ সমাবেশে অংশ নেন। গতকাল দুপুর থেকে নেতা–কর্মীরা সমাবেশে আসতে শুরু করেন। তাঁদের বেশির ভাগেরই হাতে ছিল বিভিন্ন দাবি–সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড। দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়ক থেকে শুরু করে নগরের আলমাস সিনেমা হলের মোড় পর্যন্ত নেতা–কর্মীদের ভিড় দেখা গেছে। নুর আহমদ সড়কের এক পাশ খোলা থাকলেও লোকসমাগম বাড়তে থাকায় পুলিশ অপর পাশটিও বেলা তিনটার দিকে বন্ধ করে দেয়। ফলে এই পথ দিয়ে যাতায়াতকারীদের বিকল্প সড়ক দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়। বিকেল সাড়ে চারটার দিকে সমাবেশ শেষ হওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

এদিকে সমাবেশ শুরু হওয়ার পর ব্যানার নিয়ে আসা নেতা–কর্মীরা মঞ্চের সামনে আসতে থাকেন। মঞ্চ থেকে নেতা–কর্মীরা বারবার এসব ব্যানার নামিয়ে ফেলার অনুরোধ করেন। ব্যানার নিয়ে মঞ্চে আসার সময় কয়েক দফায় হাতাহাতি হয় কর্মীদের মধ্যে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাজনীতি করেছেন এ দেশের মানুষের জন্য।

গণতন্ত্রের জন্য। এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আন্দোলন চলছে, চলবে। ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে সমাবেশ করবে বিএনপি। আন্দোলনের ফলে বর্তমান অবৈধ সরকারের পতন হবে। গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

সমাবেশে আগত নেত-কর্মীদের একাংশ। গতকাল বিকেল ৪টায় চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের সামনে
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আবুল হাশেমের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, গোলাম আকবর খোন্দকার, আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ও এস এম ফজলুল হক, যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান প্রমুখ। সমাবেশে সব বক্তাই উপস্থিত নেতা–কমীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।