পরাজয় আঁচ করতে পেরেই ঢাকা বারের নির্বাচনে হামলা: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের পরাজয় আঁচ করতে পেরে আওয়ামীপন্থী আইনজীবীরা বিএনপিপন্থী আইনজীবীদের ওপর হামলা চালিয়েছেন অভিযোগ করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ ঘটনায় আরেকটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হলো।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিবৃতিতে এ ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না। এদের ইতিহাসে বহুদলীয় গণতন্ত্র চর্চার কোনো নজির নেই। জোর করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা রাষ্ট্রক্ষমতাসহ সব প্রতিষ্ঠান দখল করতে চায়। গত ৭ জানুয়ারির ডামি নির্বাচনেও তাদের গণতন্ত্রবিনাশী চরিত্রই দেখা গেছে।

মির্জা ফখরুল বিবৃতিতে আরও বলেন, আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবী ও সাধারণ আইনজীবী ভোটারদের ওপর আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় আরেকটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হলো। আদালত প্রাঙ্গণে এ সহিংসতায় প্রমাণিত হয়, আওয়ামী লীগ আর কখনোই সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটবে না। নির্বাচনের নামে এরা নিজেদের অনুকূলে শুধুই একতরফা ফল ঘোষণা করবে।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, এ মুহূর্তে গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে আরও জোরদার করতে হবে। না হলে এ দেশের মানুষ আর কখনোই মৌলিক মানবাধিকার, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাবে না।