আরপিও সংশোধনে ইসির ক্ষমতা খর্ব নয়, বরং কিছুটা বাড়বে: রাশেদা সুলতানা
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন চলাকালে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের ভোট বন্ধ করার ক্ষমতা খর্ব হয়নি। আইনে এটি এখনো আছে। এর সঙ্গে ভোটের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখার ক্ষমতা চেয়ে নতুন একটি ধারা সংসদ নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) যুক্ত করার প্রস্তাব করেছিল নির্বাচন কমিশন। মন্ত্রিসভা এটার আংশিক অনুমোদন দিয়েছে। এতে কমিশনের ক্ষমতা কিছুটা বাড়বে। তবে কমিশন যেভাবে পুরো আসনের ফলাফল স্থগিত করার ক্ষমতা চেয়েছিল সেটা অনুমোদন হলে আরও ভালো হতো।
আজ রোববার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা এসব কথা বলেন। আরপিওর সংশোধনী নিয়ে নিজের ব্যাখ্যা দেন এই নির্বাচন কমিশনার।
রাশেদা সুলতানা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নির্বাচন বন্ধ করার জন্য ৯১-এর (এ) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন-পূর্ব পর্যন্ত, নির্বাচন চলাকালীন নির্বাচন বন্ধ করার একটি ক্ষমতা কমিশনের আছে। সেই ক্ষমতায় কমিশন কোনো রকম অনিয়ম, কারচুপি যেটাই হোক, নির্বাচন কমিশনের নজরে এলে নির্বাচন বন্ধ করে দিতে পারে। এটা বর্তমান আইনেই আছে।
রাশেদা সুলতানা বলেন, একটি বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকে মনে করছেন ৯১ (এ)-তে যে ক্ষমতা ছিল, সেটা খর্ব করা হয়েছে। বিষয়টা তা নয়। কারণ কমিশন এটি নিয়ে কোনো প্রস্তাব দেয়নি। ৯১ (এ) ধারার সঙ্গে একটি নতুন ধারা ৯১ (এএ) যুক্ত করার প্রস্তাব দিয়েছিল ইসি। সেখানে রিটার্নিং কর্মকর্তা ফলাফল প্রকাশের পর গেজেট হওয়ার আগপর্যন্ত সময়ে অনিয়ম হলে যেন ইসি ব্যবস্থা নিতে পারে, সে ক্ষমতাটা চাওয়া হয়েছিল।
নির্বাচনের ফলাফলের তিনটা পর্যায়ের কথা উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়। এটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। সব কেন্দ্রের ফলাফল একত্র করে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। এটি বেসরকারি ফলাফল। তারপর তা ইসিতে পাঠানো হয়। ইসি গেজেটে ফলাফল প্রকাশ করে।
রাশেদা সুলতানা বলেন, ‘কমিশন থেকে গেজেট হলে তা চূড়ান্ত। রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণার পর কমিশনে ফলাফল পাঠানোর সময় কিন্তু অনেক সময় অভিযোগ আসে। কিন্তু এই সময়টার মধ্যে কোনো অভিযোগ আসলে কমিশনের হাতে কোনো ক্ষমতা নাই। সেই অভিযোগের বিষয়ে কমিশন কিছু করতে পারে না। তাকে গেজেটটা করে দিতে হয়।’
রাশেদা সুলতানা বলেন, কমিশন চিন্তা করেছে এই জায়গাটাতে শূন্যতা আছে। কমিশনের হাতে কোনো সুযোগ নেই। তাই তারা একটি নতুন প্রস্তাব পাঠিয়েছিল। তাতে বলা হয়, কোনো অনিয়মের তথ্য বা অভিযোগ এলে কমিশন গেজেট নোটিফিকেশনটা স্থগিত রাখবে। এরপর তদন্ত করে যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয় যে বড় ধরনের অনিয়ম হয়েছে, সেখানে কমিশন সুনির্দিষ্টভাবে যে জায়গায় অনিয়ম হয়েছে, সেখানকার কেন্দ্র বা পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা চেয়েছিল। তবে মন্ত্রিপরিষদ ‘পুরো আসন’ শব্দটি বাদ দিয়ে আংশিক অনুমোদন দিয়েছে। অবশ্য তাঁরা এখনো মন্ত্রিপরিষদে অনুমোদিত সংশোধনীর কপি পাননি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘আমরা চাচ্ছি এক বা একাধিক কেন্দ্র যেখানেই হোক রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণার পর এবং গেজেট হওয়ার আগপর্যন্ত এই মধ্যবর্তী সময়ে অভিযোগ আসলে সেটা যেন তদন্ত করে বন্ধ করতে পারি এবং সেখানে নতুন করে ভোট হবে। যেখানে ছিলই না, সেখানে তো কিছুটা হলেও (ক্ষমতা) বাড়ল। পুরোটা না হলেও কিছুটা তো অর্জন হয়েছে। পুরোটা বাতিলের ক্ষমতা পেলে ভালো হতো। কেননা, যারা অনিয়ম করে তাদের একটা ভয় থাকত যে ভোট বাতিল হয়ে আবার হ্যাপাটা নিতে হবে।’