কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ৮
চট্টগ্রামে ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানারও জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আজ শুক্রবার কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. তুষার, আবদুল্লাহ আল নোমান, মো. রাকিব, ইব্রাহীম হোসেন, শরীফ হোসেন, মাসুদুর রহমান, রিয়াদ হোসেন ও সৈয়দ হামিদ মিয়াজী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ব্যানার নিয়ে মিছিল বের করলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।