মিছিলে গুলি করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি: গণতন্ত্র মঞ্চ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ও নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে দলটির আয়োজিত কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
আজ বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চের এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বেপরোয়া হয়ে উঠেছে সরকার।
নারায়ণগঞ্জ-নেত্রকোনায় পুলিশ মিছিলে হামলা ও গুলি করেছে। নারায়ণগঞ্জে পুলিশ গুলি করে ছাত্র ও যুবদলের দুজনকে হত্যা করেছে। পুলিশের গুলিতে আহত হয়েছে শতাধিক মানুষ। নেত্রকোনায় বিএনপির কর্মসূচিতে পুলিশের হামলায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এ দেশের ইতিহাসে মিছিলে গুলি করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি।
এসব ঘটনার তদন্ত এবং দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, এসব ঘটনা সরকারের ক্ষমতা হারানোর ভয়ে তটস্থ অবস্থা প্রকাশ করছে। বর্তমান ‘ফ্যাসিবাদী-কর্তৃত্ববাদী’ সরকারের দমন-পীড়ন-হত্যা সত্ত্বেও¡মানুষের মধ্যে অভাবনীয় জাগরণ তৈরি হচ্ছে।
বিবৃতিতে সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, জনগণকে হত্যা করে কেউ পার পাবে না। বাংলাদেশে একটি গণ-অভ্যুত্থান আসন্ন। সরকার যতই রক্তের হোলি খেলা খেলুক, জনগণের সংগ্রাম বিজয়ী হবেই।
গণতন্ত্র মঞ্চ বলছে, সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সারা দেশে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে। দীর্ঘ সময় ধরে অসংখ্য রাজনৈতিক কর্মীকে হত্যা-গুম-নির্যাতন করে তারা ভয়ের সংস্কৃতিকে পাকাপোক্ত করেছে। এখন রাজপথে জনতার মিছিলে পুলিশকে ব্যবহার করে মানুষকে হত্যা করছে তারা।