তারেক রহমানের নেতৃত্বে বিজয়ীদের অভিনন্দন হেফাজতে ইসলামের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি জোটকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুই নেতা এ অভিনন্দন জানান। একই সঙ্গে সব সংসদ সদস্যদেরও অভিনন্দন জানিয়েছেন তাঁরা।
পাশাপাশি অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃত্ব। বিবৃতিতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতাও কামনা করা হয়।
হেফাজতের নেতারা বলেন, রাষ্ট্রক্ষমতা আল্লাহ–তাআলার পক্ষ থেকে দেওয়া এক মহান নেয়ামত। তিনি যাদের ওপর দেশ শাসনের দায়িত্ব অর্পণ করেন, তাদের ওপরই জনগণের হক আদায়ের গুরুদায়িত্ব ন্যস্ত করেন। রাষ্ট্রক্ষমতা কোনো সম্মান লাভের উপায় নয়, বরং এটি এক কঠিন আমানত। এই আমানতের জিম্মাদারি সঠিকভাবে পালন করা এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা প্রত্যেক শাসকের প্রধান কর্তব্য।
হেফাজতের নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন যে সরকার গঠিত হবে, তারা সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনায় অগ্রসর হবে এবং দেশের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। দেশের সার্বভৌমত্ব ও ইসলামি মূল্যবোধ রক্ষায় সাহসী ভূমিকা পালন করবে। একই সঙ্গে সব রাজনৈতিক মত ও পথের প্রতি সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে জাতীয় ঐক্য সুদৃঢ় করবে। ফ্যাসিবাদী যেকোনো পন্থার শিকড় মূলোৎপাটনে সাহসী ভূমিকা পালন করবে।
বিবৃতিতে বলা হয়, দেশে নির্বাচন–পরবর্তী যে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য দেখা যাচ্ছে, তা কখনোই জাতির কল্যাণ বয়ে আনবে না। বরং এগুলো সরকার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। নতুন সরকারের প্রতি আহ্বান—সন্ত্রাস ও সহিংসতা দমনে কঠোর কিন্তু ন্যায়ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করুন।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা রাখতে দেশের নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে হেফাজতের নেতারা বলেন, যেকোনো উসকানিমূলক স্ট্যাটাস, প্রতিপক্ষকে আক্রমণ, মিথ্যা তথ্য ছড়ানো এবং সহিংস কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখুন, শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করুন। বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি মমতার দৃষ্টিতে তাকান।