শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদককে কারণ দর্শানো নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউসার আহমেদ
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক আলোচনা সভা পণ্ড করার চেষ্টার অভিযোগে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি। গতকাল সোমবার রাতে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক কেএম আযম খসরু স্বাক্ষরিত এ কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।

কাউসার আহম্মেদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছাড়াও ফতুল্লা-পঞ্চবটি আঞ্চলিক শাখার সভাপতি। চিঠির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান। এটি অভ্যন্তরীণ বিষয় বলে তিনি উল্লেখ করেন।

কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৯ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের জাতীয় নেতাদের উপস্থিতিতে আলোচনা সভাকে পণ্ড করার লক্ষ্যে কাউসার আহমেদের লোকজন সভাস্থলের চেয়ার ভাঙচুর ও উচ্ছৃঙ্খলতা করেন। তাঁদেরকে নিবারণ না করে সদলবলে সভাস্থল ছেড়ে চলে যান কাউসার আহমেদ। এমন কর্মকাণ্ডে জাতীয় শ্রমিক লীগের ১৭ নম্বর ধারা চরমভাবে লঙ্ঘিত হয়েছে, যা ১৮(খ) ধারা অনুযায়ী শাস্তিমূলক অপরাধ।

এমন কর্মকাণ্ডের জন্য কাউসার আহমেদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ জবাব দিতে কাউসার আহমেদকে সাত দিন সময় দেওয়া হয়েছে। অন্যথায় তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশ এখনো পাননি জানিয়ে প্রথম আলোকে মুঠোফোনে কাউসার আহমেদ বলেন, শরীর খারাপ লাগায় গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা থেকে এসেছিলেন। পরে সেখানে কী হয়েছে, তা জানেন না। কারণ দর্শানোর নোটিশ পেলে জবাব দেবেন। কাউসার আহমেদের দাবি, ওই সভায় তাঁর সঙ্গে কোনো দলবল ছিল না। তিনি একাই ওই সভায় অংশ নিয়েছিলেন।