নির্বাচন–পরবর্তী ভাবনা জানালেন তাসনিম জারা, বললেন সেরা সময় সামনে

তাসনিম জারাছবি: তাসনিম জারার ফেসবুক থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তাসনিম জারা। নির্বাচনে তিনি জয় পাননি। বিএনপির হাবিবুর রশীদ এই আসন থেকে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন তাসনিম জারা।

আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নির্বাচন–পরবর্তী ভাবনা জানিয়েছেন তাসনিম জারা।

তাসনিম জারার ফেসবুক পোস্ট থেকে নেওয়া স্ক্রিনশট

বিকেল পৌনে চারটার দিকে দেওয়া ওই স্ট্যাটাসে জারা জানান, তিনি তাঁর আসনে বিজয়ী বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবকে ফোন করে শুভকামনা জানিয়েছেন। তাঁরা গঠনমূলক শক্তি হিসেবে কাজ করবেন, তবে ক্ষতিকর সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার থাকবেন।

একটিমাত্র নির্বাচনের জন্য পথচলা শুরু করেননি বলে জানান তাসনিম জারা। তিনি জানান, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই তাঁদের লক্ষ্য এবং এটি দীর্ঘ পথ।

জটিল সময়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর দল এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।

পোস্টে তাসনিম জারা আরও লেখেন, ক্যাম্পেইনে নারীদের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল তাঁদের জন্য বড় এক প্রাপ্তি। তিনি লেখেন, ‘অনেক নীতিনির্ধারণী আলোচনায় আমি দেখেছি যে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীরা থাকলে আলোচনার মান বদলে যায়।’

সেরা সময় এখনো সামনে বলে ওই পোস্টে জানান তাসনিম জারা।

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন তাসনিম জারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এনসিপির হয়ে প্রার্থীও হয়েছিলেন। জামায়াতে ইসলামের সঙ্গে নির্বাচনী জোটে এনসিপি যুক্ত হলে তিনি দল থেকে পদত্যাগ করেন এবং ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দেন।