একটি গোষ্ঠী কেন্দ্র দখল করে নির্বাচনের ফল ছিনিয়ে নেওয়ার দুঃস্বপ্ন দেখছে: খালিদুজ্জামান

রাজধানীর গুলশান ২ থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন এস এম খালিদুজ্জামানছবি: প্রথম আলো

একটি গোষ্ঠী সন্ত্রাস করার জন্য ভোটকেন্দ্র দখল করে নির্বাচনের ফল ছিনিয়ে নেওয়ার দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম খালিদুজ্জামান। তিনি বলেছেন, ভোটাররা ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্র রুখে দেবেন।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন এস এম খালিদুজ্জামান। সন্ধ্যার কিছু পর গুলশান ২ থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা–কর্মীরা ছিলেন। তাঁরা দাঁড়িপাল্লা ও গণভোট ‘হ্যাঁ’ ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

সন্ত্রাস ও চাঁদাবাজি রুখতে দাঁড়িপাল্লায় ভোট চান এস এম খালিদুজ্জামান। তিনি বলেন, জামায়াতে ইসলামী একমাত্র দল, যারা এ দেশের মানুষকে নিয়ে চিন্তা করে; এই সমাজকে সুন্দর করে গঠন করতে চায়। সমাজকে সুন্দর করতে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এই প্রার্থী বলেন, ‘এবার ব্যালটের মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশা আল্লাহ।’

ঢাকা-১৭ আসন গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও ক্যান্টনমেন্টের কিছু অংশ নিয়ে গঠিত। এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।