সরকারের গণবিরোধী সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে: সিপিবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, বর্তমান সরকারের মেয়াদের প্রায় শেষ প্রান্তে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করে ফেলেছে। সরকার তাদের নিপীড়ন, নির্যাতন, লুটপাটের বিরুদ্ধে গড়ে ওঠা গণ–আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য নানা ধরনের নিপীড়নমূলক আইন, নীতিমালা প্রণয়ন করছে।
আজ মঙ্গলবার সিপিবির প্রেসিডিয়াম সভায় এসব কথা বলেন বক্তারা। রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকালে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম। এতে আরও উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম, শাহীন রহমান, এ এন রাশেদা।
সভায় সিপিবির নেতারা বলেন, সমাজের সর্বস্তরের মানুষের প্রতিবাদ সত্ত্বেও সরকার অত্যাবশ্যকীয় পরিষেবা বিল নামের শ্রমিকের ধর্মঘটের অধিকার হরণকারী কালো আইন জাতীয় সংসদে পাস করানোর অপচেষ্টা চালাচ্ছে। সরকারের এ সিদ্ধান্ত তার স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। এভাবে আইন করে অগণতান্ত্রিকভাবে জনগণের অধিকার হরণ করা যাবে না। সভায় শ্রমিক-কর্মচারী তথা শ্রমজীবী মানুষের অধিকার হরণকারী এ বিল বাতিল ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
সভায় আরও বলা হয়, করোনা–পরবর্তী অর্থনৈতিক সংকটকালে দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ চিড়েচ্যাপটা হয়েছে। কর্মহীন ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের জন্য কর্মসংস্থান ও নানা প্রণোদনার প্রয়োজন থাকলেও তা না করে শুধু সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অথচ সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করা হলো না, যা বাজারে বৈষম্য ও সংকট আরও বাড়িয়ে দেবে। বাজার সিন্ডিকেট না ভেঙে লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হচ্ছে। সভায় অবিলম্বে স্বল্প আয়ের মানুষ, শ্রমজীবী মানুষের জন্য রেশন ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়। সভায় ঋণখেলাপি ও ব্যাংকমালিকদের বিশেষ সুবিধা দেওয়ার তীব্র নিন্দা করা হয়।
সভায় সিপিবির নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ডেঙ্গু প্রকোপ ভয়াবহ হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন অতিষ্ঠ। কিন্তু সরকারের এসবের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই; বরং ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের অনুকম্পা পেতে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।
সভায় নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, সিন্ডিকেট ভাঙতে এবং দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে আন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান সিপিবির নেতারা।