ডাকঘরের আধুনিকায়নে বিনিয়োগ করতে চায় চীনা কোম্পানি: সংসদে মন্ত্রী

জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। ৬ সেপ্টেম্বর ২০২৬ছবি: সংসদ বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার থেকে নেওয়া স্ক্রিনশট

ডাকঘরের আধুনিকায়নে একটি চীনা কোম্পানি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ রোববার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সম্পূরক প্রশ্নে আখতারুজ্জামান জানতে চান, দেশের জরাজীর্ণ ও পরিত্যক্ত ডাকঘরগুলোকে স্মার্ট সার্ভিস পয়েন্ট, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কৃষকদের তথ্য ও পরামর্শকেন্দ্র হিসেবে ব্যবহার করা যায় কি না। এ ছাড়া ফ্যামিলি কার্ড, পাসপোর্টের আবেদনের মতো সরকারি সেবাও ডাকঘরের মাধ্যমে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে কি না, তা-ও জানতে চান তিনি।

জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ডাকঘরগুলোর ব্যবহার বাড়ানো ও আধুনিক করার বিষয়ে সরকার কাজ করছে। সারা দেশে ৯ হাজারের বেশি ডাকঘর আছে। বিদেশে যেভাবে ডাকঘর ব্যবহার করা হয়, বাংলাদেশেও সেভাবে ডাকঘরগুলোকে আধুনিক করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, রোববার সকালেই একটি চীনা কোম্পানির সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। ওই কোম্পানি বিনিয়োগ করতে চায়। তারা ডাক বিভাগের বিদ্যমান অবকাঠামো, জনবল ও কার্যালয় ব্যবহার করতে চায়। এ বিষয়ে কোম্পানিটি সরকারকে একটি প্রস্তাব দিয়েছে।