বিএনপি কি দেশে ‘মার্শাল ডেমোক্রেসি’ আনতে চায়: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি যে রাষ্ট্র সংস্কারের কথা বলছে, দেশকে তারা জিয়াউর রহমানের মার্শাল ডেমোক্রেসিতে নিয়ে যেতে চায় কি না, সেটিই হচ্ছে আমার প্রশ্ন।’
আজ সোমবার দুপুরে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান এ সময় সাংবাদিকদের পক্ষে বিভিন্ন দাবি তুলে ধরেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক ঘটনা নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। তারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। গত ৫০ বছরে যুক্তরাষ্ট্র আমাদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মার্কিন রাষ্ট্রদূতের ঘটনাটি কোনো ঘটনাই হতো না, যদি ১৯৭৭ সালে যারা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, তাদের বক্তব্যটি তিনি শুনতেন বা অন্তত স্মারকলিপিটা নিতেন। সেখানে যারা তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিল, তাঁরা তাঁকে হুটহাট করে গাড়িতে তুলে না নিয়ে বরং তাদের দু-চারটি কথা শোনার ব্যবস্থা করলে এটি কোনো ঘটনাই ছিল না।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মন্তব্য ‘জনগণ এ সরকারকে চায় না’ প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ‘তিনি যদি মনে করে থাকেন জনগণ এই সরকারকে চায় না, তাহলে বিএনপি নির্বাচনে আসুক, তখন বোঝা যাবে জনগণ কাদেরকে চায়! তারা (বিএনপি) তো জনগণের কাছে অনেকবার আহ্বান জানিয়েছে, সাড়া পায়নি। ১০ তারিখ তো সরকার পতন ঘটাতে চেয়েছিল, কিন্তু নিজেরাই পদত্যাগ করে চলে গেছে।’
পুলিশের তল্লাশিতে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে—বিএনপি নেতাদের এমন দাবি নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি শুরু থেকেই তাদের অফিসে পুলিশ তল্লাশি নিয়ে অতিরঞ্জিত বক্তব্য দিচ্ছে। প্রথম দিন পুলিশ সেখানে তল্লাশি করে তাজা বোমা পেয়েছে। যে অফিসে তাজা বোমা পাওয়া যায়, সেখানে তন্ন তন্ন করে তল্লাশি হবে এটি খুবই স্বাভাবিক। সেখানে শুধু তাজা বোমা নয়, নগদ টাকা, লাঠিসোঁটা, ১৬০ বস্তা চাল, আড়াই লাখ বোতলজাত পানিসহ আরও অনেক কিছু পাওয়া গেছে, যেগুলো স্বাভাবিক নয়। পুলিশ তল্লাশির স্বার্থে তল্লাশি করেছে। বিএনপি যে অভিযোগগুলো করছে, সেগুলো সঠিক নয়।’
এ সময় অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউ অফিসে অনেকবার পুলিশ তছনছ, তল্লাশি করেছে। অফিস থেকে অনেককে গ্রেপ্তার করেছে। এগুলো বিএনপির হয়তো মনে নেই। তাই খন্দকার মোশাররফকে আমি সবিনয়ে অনুরোধ জানাব একটু পেছনে ফিরে তাকানোর জন্য।’
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান তথ্যমন্ত্রী। এ সময় ডিআরইউর সহসভাপতি দীপু সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল আহসান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, নারীবিষয়ক সম্পাদক মরিয়ম মণি সেঁজুতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মনিরুল ইসলাম মিল্লাত, ইসমাঈল হোসাইন রাসেল, মহসিন ব্যাপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, এস এম মোস্তাফিজুর রহমান সুমন ও মো. ইব্রাহিম আলী সভায় যোগ দেন।
এদিকে সোমবার বিকেলে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১১টি দেশ থেকে বাংলাদেশ সফররত ১৩ জন সাংবাদিক হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী তাঁদের কাছে গণমাধ্যম খাতসহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন তুলে ধরেন ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আলজেরিয়া, বাহরাইন, বুলগেরিয়া, কম্বোডিয়া, হংকং, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্পেন, ভিয়েতনাম থেকে সাংবাদিকেরা বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ সফরের অংশ হিসেবে শীর্ষ দর্শনীয় স্থান ও কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।