স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

সংসদে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরফাইল ছবি: বাসস

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি টেবিলে উত্থাপিত হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনপদ্ধতি চালু করেছে।

আগামী জাতীয় নির্বাচনে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সর্বোচ্চসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এ পদ্ধতির আওতায় আনার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের (মেম্বার) বেতন বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

জেলা পরিষদে সংসদ সদস্যদের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্যরা জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁরা পরিষদের কার্যাবলি সম্পাদনে পরামর্শ দেবেন।