বিএনপি ও ছাত্রদলের পাঁচ নেতা–কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাঠি হাতে সমাবেশস্থলে মহড়া দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা
ফাইল ছবি: প্রথম আলো

পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় মিরপুর এলাকার বিএনপি ও ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তারে করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন, ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. মিরন হোসেন এবং শাহ আলী থানাধীন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রায়হান ইসলাম।

পল্লবী থানা-পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার মিরপুর ও পল্লবী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম প্রথম আলোকে বলেন, দুটি নাশকতার মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তাঁদের কোনো রিমান্ড চাওয়া হয়নি। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

গত ১৫ সেপ্টেম্বর বেলা তিনটায় মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর উত্তর বিএনপি। সোয়া দুইটার দিকে ওই মাঠে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু করার কিছু সময় পরই ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ে তাঁরা বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালান। পরে বিএনপি নেতা-কর্মীরা পাল্টা হামলা করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এমন পরিস্থিতি চলে প্রায় ৪০ মিনিট। এ সময় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে এবং লাঠিপেটা করে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধা ও পুলিশের হামলায় সেই সমাবেশ পণ্ড হয়ে যায়। পরের দিন সেই ঘটনায় বিএনপির ৭৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।

আরও পড়ুন