দলছুট-সুবিধাবাদীরা দল ভাঙার চেষ্টা করছে: নুর
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর অভিযোগ করেছেন, দলের পদবঞ্চিত, দলছুট ও সুবিধাবাদী নেতারা গণ অধিকার পরিষদকে ভাঙার জন্য কাজ করছেন। তিনি বলেন, ১০ জুলাই কাউন্সিলের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের নবজাগরণ হবে। বেইমান, মীর জাফররা ইতিহাসের আস্তাকুঁড়ে হারিয়ে যাবে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে নুরুল হক এসব কথা বলেন।
নুরুল হক বলেন, টেলিভিশন–পত্রিকায় নাম আসার জন্য অনেকেই বেফাঁস কথা বলছেন। নির্বাচনকে সামনে রেখে সরকার বিভিন্ন দলকে ভাঙতে খেলা খেলছে। দলছুট, পদবঞ্চিত নেতাদের টাকা দিয়ে কিনে সরকারের পক্ষে কাজ করাচ্ছে।
গণ অধিকার পরিষদের ব্যানারে দলের একটি পক্ষ আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এই প্রসঙ্গে নুরুল হক বলেন, গণ অধিকার পরিষদের বড় কেন্দ্রীয় কার্যালয় আছে। যাঁরা কার্যালয়ে যেতে পারেন না, নেতা–কর্মীদের সঙ্গে সংশ্লিষ্টতা নেই, এমন কিছু লোকজন গণ অধিকার দাবি করে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তাঁরা কী বলেছেন, সেটা মুখ্য বিষয় না।
দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার অপসারণ এবং কাউন্সিলের তারিখ ঘোষণা অবৈধ–দলের একাংশের নেতা–কর্মীদের এমন অভিযোগের বিষয়ে নুরুল হক বলেন, গঠনতন্ত্র অনুসরণ করে দুই–তৃতীয়াংশ সদস্যের সমর্থনে আহ্বায়ককে অপসারণের চিঠি ও ব্যাখ্যার সময় দেওয়া হয়েছে, তারপর অপসারণ করা হয়েছে। ১০ জুলাই গণ অধিকার পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কিছু ব্যক্তি বুঝতে পারছেন তাঁরা কাউন্সিলে সুবিধা করতে পারবেন না।
কিছু নেতা–কর্মী সরকারের ফাদে পা দিয়েছেন দাবি করে নুরুল হক বলেন, সরকার বুঝতে পারছে তারুণ্যের শক্তি গণ অধিকার পরিষদ আগামী আন্দোলনে বড় শক্তি হবে, তাই নানাভাবে বিভ্রান্ত করতে চাইছে। ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে ভাগ করতে চাচ্ছে। সেই ফাঁদে আমাদের কিছু নেতা পা দিয়েছেন। তাঁরা ষড়যন্ত্র করে নেতা–কর্মীদের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন। গণ অধিকার পরিষদে তাঁদের ভবিষ্যৎ নেই। নানা অপকর্মের কারণে তাঁরা দলে কোণঠাসা। তাই গণ অধিকার পরিষদকে ভাঙার জন্য কাজ করছেন।