অংশগ্রহণমূলক নির্বাচনে জোর পাশ্চাত্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • নির্বাচন ‘অংশগ্রহণমূলক’ করার কথা বলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপ
  • বরিস জনসনের সফরের আলোচ্যসূচিতে উল্লেখযোগ্য ছিল, বাংলাদেশের পরবর্তী নির্বাচন

খুব জোরেশোরে না হলেও এখন থেকেই বাংলাদেশের আগামী নির্বাচন ‘অংশগ্রহণমূলক’ আর ‘বিশ্বাসযোগ্য’ করার কথা বলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপ। পাশ্চাত্যের দেশ ও জোট অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে বিএনপির নির্বাচনে যাওয়ার বিষয়টিতেও জোর দিচ্ছে। এমন এক পরিস্থিতিতে নির্বাচন ঘনিয়ে এলে বিষয়টি জোরের সঙ্গে আসতে পারে বলে কূটনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন।

এ মাসের শুরুতে ব্রাসেলসে ইইউর জ্যেষ্ঠ প্রতিনিধি ফেদরিকা মোঘেরিনির পাশাপাশি ঢাকায় ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা লিসা কার্টিস, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল অংশগ্রহণমূলক নির্বাচনের প্রসঙ্গটি তুলেছে।

ঢাকা ও ইউরোপের কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিভিন্ন পর্যায়ের আলোচনায় নির্বাচন মূল প্রসঙ্গ না হলেও রাজনৈতিক পরিস্থিতির কথা বলতে গিয়ে বিভিন্ন দেশ বিষয়টিকে সামনে আনছে।

ব্রাসেলসের একটি কূটনৈতিক সূত্র গত মঙ্গলবার এই প্রতিবেদককে জানায়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ প্রতিনিধি ফেদরিকা মোঘেরিনি সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে নির্বাচনের প্রসঙ্গটি তুলেছেন।

ঢাকা ও ব্রাসেলসে খোঁজ নিয়ে জানা যায়, মূলত ফেদরিকা মোঘেরিনির আগ্রহে মাহমুদ আলী সংক্ষিপ্ত সময়ের আয়োজনে ওই বৈঠক করেন। রোহিঙ্গা সমস্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওই বৈঠকের আয়োজন করা হয়। আলোচনার একপর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ এলে ফেদরিকা মোঘেরিনি নির্বাচনের প্রসঙ্গ তোলেন। সব দলকে নিয়ে নির্বাচন আয়োজনের কথা বলেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর তিনি জোর দেন। এ সময় মাহমুদ আলী তাঁকে বলেন, সরকার তো কাউকে নির্বাচন করতে না করছে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করলেও পরবর্তী সময়ে সিটি করপোরেশনসহ স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতে বিএনপি অংশ নিয়েছে। বিভিন্ন পর্যায়ের নির্বাচনে বিএনপির প্রার্থীরা জিতেছে। কাজেই নির্বাচন কমিশন সাধ্য অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে। সরকারও চায় সব দল নির্বাচন করুক। ইইউ বরং বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলুক বলে মত দেন মাহমুদ আলী। তখন মোঘেরিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল বিএনপির নেতাদের সঙ্গে আলোচনায় তাঁদের নির্বাচনে অংশ নিতে বলেছে।

প্রসঙ্গত, ২ মার্চ ব্রাসেলসে মাহমুদ আলীর সঙ্গে ফেদরিকা মোঘেরিনির আলোচনার পর ইইউ ওয়েবসাইটে প্রচারিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ ইইউ-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গগুলো এসেছে।

অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে পাশ্চাত্যের আহ্বানের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান গতকাল প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ অতীতে, এখন এবং ভবিষ্যতে সব সময় অংশগ্রহণমূলক নির্বাচন চায়। নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া একটি রাজনৈতিক দলের সিদ্ধান্তের বিষয়। তবে আওয়ামী লীগ আশা করে, বাংলাদেশের পরবর্তী নির্বাচন অংশগ্রহণমূলক হবে। বিএনপি অতীতের পথ ভুলে গিয়ে নির্বাচনে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ফেদরিকা মোঘেরিনির সঙ্গে আলোচনার পরদিন অর্থাৎ ৩ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ উপদেষ্টা লিসা কার্টিসও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রসঙ্গটি তুলেছেন। লিসা কার্টিস অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গটি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা গওহর রিজভী, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় তুলেছেন। তবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই তাঁর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাহমুদ আলী তাঁকে বলেছেন, সরকার সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। আগামী নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সরকার স্বাগত জানাবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে বৈঠকে নির্বাচনের প্রসঙ্গটি নিয়ে লিসা কার্টিসের বিস্তারিত আলোচনা হয়েছে। তখন মার্কিন প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা বাংলাদেশের সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন।

জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রশ্ন তুলেছিল। সেই প্রেক্ষাপট থেকে পাশ্চাত্যের দেশগুলো বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। বিভিন্ন সময়ের আলোচনায় তারা বলেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া উচিত। বিএনপির সঙ্গে আলোচনাতেও তারা এটা বলছে।

যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক গত ২৮ ফেব্রুয়ারি ব্রিটিশ অ্যামেনিটিজ ক্লাবে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় মন্তব্য করেন, বরিস জনসনের ঢাকা সফরের আলোচ্যসূচিতে একটি উল্লেখযোগ্য প্রসঙ্গ ছিল বাংলাদেশের পরবর্তী নির্বাচন। আলোচনায় বরিস জনসন সব দলকে নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন।

নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহের বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবীর প্রথম আলোকে বলেন, নির্বাচনের বিষয়টি তাঁদের শাসনব্যবস্থার কাঠামোর সঙ্গে সম্পৃক্ত বলেই বিষয়টি তুলছেন। নির্বাচনের সময় যত এগিয়ে আসবে, তা আরও জোরালোভাবে আসবে। তাঁদের আশঙ্কা, অস্থিতিশীলতা সৃষ্টি হলে সন্ত্রাসবাদসহ নানা সমস্যা মাথাচাড়া দিতে পারে।

এম হুমায়ূন কবীর আরও বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমাদের করণীয় কী, সেটা তারা ইঙ্গিত দিতে চাইছে। তা ছাড়া বাংলাদেশে গণতন্ত্রের মৌলিক ভিত্তি আরও সুদৃঢ় হোক, সেটা তাদের প্রত্যাশা।’