অক্টোবরে বিএনপির আগে মাঠ দখল করবে ১৪ দল: নাসিম

কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির জীবনে অক্টোবর মাস আসবে না। তার আগে মাঠ দখল করবে ১৪ দল। তিনি বলেন, বিএনপি-জামায়াতকে ছাড় দেওয়া হবে না। তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।
ঢাকার গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে আজ শনিবার বিকেলে ১৪-দলীয় জোটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশের সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ মন্তব্য করেন। কর্মী সমাবেশ থেকে মোহাম্মদ নাসিম ১৪ দলের পক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। আগামী ৯ অক্টোবর রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশ, ১০ অক্টোবর নাটোরে জনসভা ও ১৩ অক্টোবর খুলনায় বিভাগীয় মহাসমাবেশ হবে বলে জানান তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা হলাম বাঘের বাচ্চা। ১৪ দলের নেতা-কর্মীরা বাঘের বাচ্চা। দেশে চক্রান্ত শুরু হয়েছে। শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। এখন ১৪ দলের নেতা-কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই। বিএনপি-জামায়াতের সকল চক্রান্তের বিরুদ্ধে এখন থেকে ১৪ দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।’
বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, এটা ২০১৪ সাল না, এটা ২০১৮ সাল। এটা বিএনপির মরণ সাল। এবার সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণ এবার জবাব দেবে। তিনি আরও বলেন, ‘যেসব নেতার নীতি নেই, এমন নেতাদের ভাড়া করেছে বিএনপি। রাজনৈতিক নেতাদের ভাড়া করা হয়, এটা প্রথম দেখলাম। ভাড়াটিয়া নেতা দিয়ে জেতা যায় না।’ আগামী একাদশ জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনার অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন নাসিম।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বলেন, খালেদা জিয়া ডুবে যাওয়ার আগে জোট করতে চান। এই জোটে কাজ হবে না। শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ জয়যুক্ত হবে।
বিএনপির বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমির হোসেন আমু বলেন, বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই। এ কারণে এবার নির্বাচন বানচালের জন্য ২০১৪ সালের মতো আবারও আগুন সন্ত্রাস চালাতে পারে বিএনপি। আগুন সন্ত্রাস চালিয়ে বিএনপি যেন রাস্তাঘাট নষ্ট করতে না পারে, রেললাইন উপড়ে ফেলতে না পারে, সে জন্য নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিএনপি হচ্ছে সেই দল, যারা নির্বাচন না করে নির্বাচন প্রতিহত করার জন্য আগুন সন্ত্রাস করেছিল। যে দল নির্বাচনে অংশ নিতে চায় না, সেই দল আবার নিরপেক্ষ সরকারের দাবি করে। তিনি বলেন, বিএনপির নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না। এবারও ১৪ দলকে দেশের জনগণ নির্বাচিত করবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, যারা অনুমতি ছাড়া রাস্তায় নামতে পারে না, তাদের সঙ্গে ১৪ দলের পাল্টাপাল্টি নেই। তিনি বলেন, নির্বাচন বানচাল করতে, প্রশ্নবিদ্ধ করতে একের পর এক চক্রান্ত করছে বিএনপি। যাঁরা সেদিন হাতে হাত ধরে শপথ নিলেন—১/১১-এর সরকারের উপদেষ্টা, সংস্কারবাদী নেতা এবং দল থেকে বহিষ্কৃত নেতারা সেখানে একত্র হয়েছেন। মানবাধিকার, গণতন্ত্র, বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য নাকি ঐক্য করা হয়েছে। মেনন বলেন, ‘কার সঙ্গে ঐক্য করেছেন? ইতিহাস কি জানা নেই?’
বিএনপির আগামীকালের সমাবেশের বিষয়ে মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আগামীকাল বিএনপির সমাবেশ আছে। সমাবেশ থেকে সাত-নয় দফা দেবে। মনে রাখবেন, এবার আগুন সন্ত্রাস করলে, আমাদের ভাইদের হত্যা করলে জনগণ এবার আর ক্ষমা করবে না। এবার জনগণ জবাব দেবে।’
আজকের কর্মী সমাবেশে ঢাকা মহানগর ১৪ দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরীন আকতার, জাসদের আরেক অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীসহ বাসদ, ন্যাপ, গণতন্ত্রী পার্টির নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।