অক্ষমতা ঢাকার চেষ্টা করেছে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভায় গৃহীত প্রস্তাবে বলা হেয়ছে, পৌরসভা আইনের সংশোধনী গ্রহণে দেরি হওয়া, বিধি প্রণয়নে সময়স্বল্পতাসহ নানা অসংগতিপূর্ণ আচরণের জন্য নির্বাচন কমিশন সরকারের ওপর দায় রেখে নিজেদের অক্ষমতা ঢাকার চেষ্টা করেছে।
গতকাল শুক্রবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সভা শেষে পৌরসভা নির্বাচন সম্পর্কে গৃহীত প্রস্তাবে এসব কথা বলা হয়।
প্রস্তাবে আরও বলা হয়, ‘নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে বিভিন্ন জনগোষ্ঠীর অধিকার ও আকাঙ্ক্ষার প্রতি কতখানি অসংবেদনশীল, তার প্রমাণ পাওয়া যায় সংরক্ষিত নারী আসনে নারীদের হেয় করা হয় এমন সব প্রতীক নির্দিষ্ট করার ঘটনায়।’
এ ছাড়া গৃহীত প্রস্তাবে মনোনয়নপত্র গ্রহণের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর নেতাদের মিথ্যা হলফনামা গ্রহণ করে তাঁদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দেওয়া, প্রতীক বরাদ্দের আগেই প্রচারণার সুযোগ দেওয়া, স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ, রিটার্নিং কর্মকর্তাদের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকা এবং দল কর্তৃক একাধিক প্রার্থীর মনোনয়ন দেওয়া হলেও ওই দলের সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের মতো বিষয়গুলোর সমালোচনা করা হয়।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, নুরুল হাসান, আনিসুর রহমান মল্লিক প্রমুখ। বিজ্ঞপ্তি।