অগণতান্ত্রিক উপায়ে সরকার পতনের ষড়যন্ত্র করছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অগণতান্ত্রিক উপায়ে সরকার পতনের ষড়যন্ত্র করছেন। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
হাছান মাহমুদ বলেন, ‘শিগগিরই সরকারের পরিবর্তন হবে—খালেদা জিয়ার এমন বক্তব্যই স্পষ্ট করে দেয় যে তাঁর (খালেদা জিয়া) ষড়যন্ত্র থেমে নেই। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কেবল নির্বাচনে জয়লাভের মধ্য দিয়েই সম্ভব। বাংলাদেশে পরবর্তী নির্বাচন ২০১৯ সালে। আসলে খালেদা জিয়া চাইছেন ষড়যন্ত্র করে অগণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে।’ তিনি বলেন, ডাইনি, রক্তপিপাসু ও হায়েনা—এই শব্দগুলো তাঁর (খালেদা জিয়া) ক্ষেত্রে প্রযোজ্য। তাঁর হাতে শুধু যে পোড়া মানুষের গন্ধ তা নয়, রক্তও আছে।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বানচালের উদ্দেশ্যে, ২০১৫ সালে বিএনপি-জামায়াত সারা দেশে যে হিংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছিল, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।
সরকারের গত সাত বছরের বিভিন্ন সাফল্য তুলে ধরে হাছান মাহমুদ বলেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। ৫০তম অর্থনীতির দেশ থেকে বাংলাদেশের অবস্থান এখন ৪৪তম। উচ্চ প্রবৃদ্ধির দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম। বিএনপির আমলে যেখানে দেশের মাথাপিছু গড় আয় ছিল ৫৫০ মার্কিন ডলার বর্তমানে তা এসে দাঁড়িয়েছে প্রায় ১৪০০ মার্কিন ডলারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, এস এম কামাল হোসেন প্রমুখ।