অগণতান্ত্রিক সরকারের পক্ষে সর্বশক্তি নিয়োগ করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী দেশ বর্তমান অগণতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখতে সর্বশক্তি নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘জনগণের কাছে নিন্দিত অগণতান্ত্রিক শক্তিকে টিকিয়ে রাখার জন্য যারা সর্বশক্তি নিয়োগ করেছে, তাদের সঙ্গে আমাদের ভালোভাবে বোঝাপড়া দরকার।’

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর কমিটির প্রতিনিধি সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজকে গণতন্ত্রহীনতা, সার্বভৌমত্বের হুমকি, গুম, খুন, মানুষের কথা বলার অধিকার থাকে না। এর একটিমাত্র কারণ, একাত্তরের ঋণ পরিশোধ করার জন্য আমাদের নতজানু মনোভাব।’

গয়েশ্বর বলেন, ‘একাত্তরে আমরা ভারতের সহযোগিতা পেয়েছিলাম। ৪৫ বছর ধরে আমরা শুধু দিয়েই যাচ্ছি। আর কত দিলে তাদের ঋণ শোধ হবে, প্রতিবেশীদের কাছে আমাদের জানা দরকার।’

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এলডিপির সভাপতি অলি আহমদ। তিনি বলেন, আজ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশ ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ সংকট থেকে উত্তরণ করতে হলে সবার অংশগ্রহণে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন।

সম্মেলনে আরও বক্তব্য দেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনডিপির সভাপতি গোলাম মোর্ত্তুজা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।