অছাত্র ও বিবাহিতদের দখলে ছাত্রলীগ, ছাত্রদলের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ও এনায়েতপুর থানায় ছাত্রলীগ ও ছাত্রদলের কমিটি এখন ছাত্র নয় এমন ব্যক্তি ও বিবাহিত ব্যক্তিদের দখলে। কমিটিতে স্থান না পাওয়ায় নিয়মিত ছাত্ররা অসন্তোষ প্রকাশ করেছেন। এতে দুটি সংগঠনেরই কার্যক্রম স্তিমিত হয়ে পড়েছে বলে জানা গেছে।
ছাত্রলীগের স্থানীয় সূত্র জানায়, ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে নাসিরুল ইসলামকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ২০০৬ সালে এনায়েতপুর থানা ছাত্রলীগের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এর আগে ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে ফারুক সরকারকে সভাপতি ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের ৫১ সদস্যের উপজেলা কমিটি হয়েছিল। পরে একই বছর ফারুক সরকার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাসুদ রানা বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মনোনীত হন। এরপরও তাঁরা ছাত্রলীগের কমিটিতে আছেন।
ফারুক সরকার বলেন, ‘চৌহালী ও এনায়েতপুর ছাত্রলীগের কমিটির সদস্যদের মধ্যে দুজন ছাড়া সবাই বিবাহিত। কেউ লেখাপড়াও করেন না। নিয়ম অনুযায়ী কমিটিতে থাকতে হলে অবশ্যই অবিবাহিত ও ২৯ বছরের নিচে বয়স হতে হবে। সম্মেলন না হওয়ায় দুই স্থানেই কমিটি হয়নি।’
নিজেকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দাবি করে আবু দাউদ সরকার বলেন, ‘আমি দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নতুন কমিটি গঠনের কার্যক্রম চলিয়ে যাচ্ছি। জেলা ছাত্রলীগের সহযোগিতা পেলে নতুন সম্মেলনে দলের ত্যাগী নেতারা দায়িত্বে আসবেন।’
ছাত্রদলের স্থানীয় সূত্র জানায়, ২০০৪ সালে সম্মেলন করে সাইফুল ইসলামকে সভাপতি ও সোহেল রানাকে এনায়েতপুর থানা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। কিছুদিন দায়িত্ব পালন করার পর সাইফুল ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়েন। সোহেল ছাত্রদল ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। ২০১৩ সালে জামিল হোসেনকে আহ্বায়ক ও সাইদুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে এনায়েতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান। এর কিছুদিন পর কোন্দল শুরু হওয়ায় এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। বর্তমানে ওই দুজনসহ কমিটির অধিকাংশই বিবাহিত এবং তাঁদের ছাত্রত্বও নেই। গত সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদলের উদ্যোগে কোনো কর্মসূচি এনায়েতপুরে পালিত হয়নি।
২০০৪ সালে বকুল সিকদারকে সভাপতি ও শহিদুল ইসলাম সরকারকে সাধারণ সম্পাদক করে চৌহালী উপজেলা ছাত্রদলের ৫১ সদস্যের কমিটি করা হয়। কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদের নেতারা বিবাহিত। অনেকেই এখন ব্যবসা-বাণিজ্য, ঠিকাদারি, চাকরি ও সংসার করছেন। ২০১১ সালে আমিনুল ইসলামকে আহ্বায়ক ও হাবিবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি করা হলেও ওই কমিটিও বর্তমানে নিষ্ক্রিয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান বলেন, ছাত্রদলের রাজনীতি প্রকৃত ছাত্রদের হাতেই দেওয়া উচিত। বিগত সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে কমিটি বা সম্মেলন করা সম্ভব হয়নি। নতুনদের নিয়ে কমিটি গঠনের চেষ্টা করা হচ্ছে।
বেশ কয়েকজন ছাত্র নাম প্রকাশ করার না শর্তে বলেন, এলাকার বড় ভাইয়েরা পদ দখল করে আছেন। এখন অনেকেরই ছাত্রত্ব নেই, বিবাহিত জীবন যাপন করছেন। নিয়মিত ছাত্রদের অন্তর্ভুক্ত করার বিষয়টি তাঁরা আমলেও আনছেন না। তাঁদের বিরুদ্ধে কথা বলার সাহস যাঁরা ছাত্র, তাঁদের নেই।