খুনি, কুলাঙ্গার, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে তাঁরা একদল অন্য দলের নেতাদের খুনি বললেন। পাল্টাপাল্টি বক্তব্যে শোধবোধ হয়ে সারেনি; মঞ্চ গরম করল নতুন বিষোক্তি—‘কুলাঙ্গার’। এর প্রতিক্রিয়া পাগল, পাগলা কুকুর পর্যন্ত গিয়ে ঠেকেছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট আর ২০০৪ সালের ২১ আগস্টের বিয়োগান্ত ঘটনার জন্য যথাক্রমে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ও তারেক রহমানকে দায়ী করে জিয়া পরিবারকে খুনি পরিবার বলেছিলেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে খুনি বললেন। তারপর গত রোববার লন্ডনে এক সেমিনারে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী। আওয়ামী লীগ টোটালি ইজ এ দল অব কুলাঙ্গার।’

গত সোমবার লন্ডনে বসবাসরত তারেকের উদ্দেশে তোপ দাগিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী, নেতারা।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বললেন, ‘কেবল কুলাঙ্গারের পক্ষেই আওয়ামী লীগকে কুলাঙ্গার বলা সম্ভব।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু খালেদা জিয়াকে কন্যার মতোই স্নেহ করতেন। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীর দিন জন্মদিন পালন করে তিনি অমানুষের পরিচয় দিয়েছেন।’

 রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহিলা শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী তারেক রহমানকে ‘কুলাঙ্গার বাঙাল’ বলে মন্তব্য করেন। আর কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বললেন, ‘সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন। বিদেশ থেকে লম্বা কথা বলবেন না।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে কুলাঙ্গার শিরোমণি হচ্ছেন তারেক রহমান। তাঁর আমলে হাওয়া ভবনকে কেন্দ্র করে তিনি দেশের তারুণ্যকে দুর্নীতিতে নিমজ্জিত করেছিলেন। তারুণ্যের নৈতিকতাবোধ ও সংগ্রামী চেতনাকে ধ্বংসের জন্য তিনি দায়ী।’

সচিবালয়ে তাৎক্ষণিক সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বললেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান যে জড়িত ছিলেন, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে না পেরে খালেদা জিয়া ও তারেক রহমান আবোল-তাবোল বলছেন। বঙ্গবন্ধু সরকারের সময় জাসদের অবস্থান সবাই জানে উল্লেখ করে তিনি বলেন, ‘...তবে আমরা কখনো ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত ছিলাম না।’

বায়তুল মোকাররমের পশ্চিম পাশে শ্রমিক লীগের শোক দিবসের আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তারেক রহমানকে ‘পাগল’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সাংবাদিক ভাইদের বলব তাঁর বক্তব্য প্রচার না করার জন্য। কারণ, পাগলকে লাই দিলে সে মাথায় ওঠে।’

আর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রলীগ ঢাকা মহানগর (উত্তর) আয়োজিত আলোচনা সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বললেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে মা-ছেলের নাম বেরিয়ে পড়ায় তাঁরা পাগলা কুকুর হয়ে গেছেন। তাঁরা পাগলের মতো আবোল-তাবোল বলছেন।

সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, লন্ডনে বসে হুংকার না দিয়ে দেশে আসেন। এসে মামলা ফেস করেন।