
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বিশেষ অতিথি ছিলেন। দলীয় কমিটি গঠনে কাউন্সিলর হিসেবে ভোট দিয়েছেন জেলা পশুসম্পদ বিভাগের প্রধান অফিস সহকারী সহব্বত আলী।
সম্মেলনের মঞ্চে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস প্রমুখ।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কাউন্সিলর বলেন, ওই দিন বেলা সাড়ে ১১টায় দারিয়াপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তৈরি মঞ্চ ও প্যান্ডেলে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। একাধিক প্রার্থী হওয়ায় সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে ১৫০ জন কাউন্সিলরের গোপন ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়। প্রথম অধিবেশনে মঞ্চে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে দলীয় নেতাদের নাম ঘোষণা করা হয়। একপর্যায়ে বিশেষ অতিথি হিসেবে মুজিবনগর থানার ওসির নাম ঘোষণা করা হয়। এরপর তিনি মঞ্চে গিয়ে সাংসদের পাশের চেয়ারে বসেন।

দ্বিতীয় অধিবেশনে জেলা পশুসম্পদ বিভাগের প্রধান অফিস সহকারী সহব্বত আলীকে ভোট দিতে দেখা যায়। সহব্বত আলী দারিয়াপুর ইউনিয়ন কাউন্সিলর তালিকায় ২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ভোটার। এ বিষয়ে জানতে চাইলে সহব্বত আলী প্রথম আলোকে বলেন, ‘কই, ভোট দিইনি তো।’ তবে ভোটার তালিকায় তাঁর নাম দেখানো হলে তিনি বলেন, সরকারি চাকরি রক্ষার জন্য অনেক কিছুই করতে হয়। জেলা পশুসম্পদ বিভাগের জেলা কর্মকর্তা শশাঙ্ক কুমার মণ্ডল বলেন, সহব্বত আলী বেলা সাড়ে ১১টার দিকে মৌখিক ছুটিতে বাড়ি চলে যান।
জানতে চাইলে ওসি কাজী আবদুস ছালেক বলেন, ‘মঞ্চে বিশেষ অতিথি হিসেবে মাইকে নাম ঘোষণা করল, তাই গিয়ে বসেছিলাম। তবে কোনো বক্তব্য দিইনি।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী প্রথম আলোকে বলেন, মঞ্চে ওসির আসন গ্রহণ করা এবং কমিটি গঠনে সরকারি কর্মকর্তার ভোট দেওয়া—কোনোটিই ঠিক হয়নি। স্থানীয় নেতাদের বিষয়টি খেয়াল করা উচিত ছিল।