ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেসব এলাকায় বিএনপির কোনো প্রার্থী নেই, কিন্তু আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন, সেখানে সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা বৈঠকে গোয়েন্দা সংস্থাগুলো তাদের এই আশঙ্কার কথা জানিয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলনকক্ষে এ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। তাঁরা বলেন, দলীয় পরিচয়ে নির্বাচন হওয়ায় অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার সহিংসতা বেশি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৈঠকে একটি গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়, পাড়ায় পাড়ায় মানুষের মধ্যকার বিরোধ এবারের নির্বাচনে দলীয় বিরোধে রূপ নিতে পারে। এ ছাড়া ২০ দলীয় জোট নির্বাচনকে কেন্দ্র করে বিরূপ পরিস্থিতি তৈরি করে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করবে। তারা বলেছে, গণমাধ্যম কোথাও অসত্য সংবাদ পরিবেশন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কি না, সে বিষয়টি খতিয়ে দেখা যেতে পারে।
কয়েকজন জেলা পুলিশ সুপার বলেন, সরকারের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন জাতীয় নেতা স্থানীয় পর্যায়ের বিভিন্ন লোকজনকে গ্রেপ্তারের জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছেন।
বৈঠকে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, অতীতে কয়েক জায়গায় এমন ঘটনা ঘটেছে, যা পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।
সবশেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, যেকোনো ধরনের গণ্ডগোলের দায় স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বহন করতে হবে। শেষ গুলিটি ব্যবহার করে হলেও কোনো কেন্দ্র দখল ঠেকাতে হবে।
বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রত্যেক সদস্যকে বলে দেওয়া হয়েছে, ভোটকেন্দ্র দখল, জাল ভোট ও কারচুপির কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী হওয়ার ঘটনাকে স্বাভাবিক বলে মনে করেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘দেখতে হবে মনোনয়নপত্র জমা দেওয়ায় কোনো বাধার সৃষ্টি হয়েছে কি না। যদি বাধা না থাকে, তবে প্রার্থী একজন কি দশজন হলো, তা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে না। বাধার কারণে যাঁরা মনোনয়নপত্র জমা দিতে পারছেন না, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করেছি। তা ছাড়া অতি দ্রুত অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হবে।’