নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া জনতাকে ভয় পান। এ কারণেই তারকাঁটার বেড়া দিয়ে তাঁর অফিস ঘেরাও করে রাখা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা চাইলে ওয়াল টপকে গিয়ে তাঁর কার্যালয় খান খান করে ভেঙে দিতে পারি।’
গতকাল শুক্রবার বিকেলে সাভার বাসস্ট্যান্ডের অদূরে শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শ্রমিক-কর্মচারী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ এনামুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশস্থলের আশপাশে অনেক দূর পর্যন্ত মাইক লাগানো হয়। মঞ্চ থেকে অনেক দূর পর্যন্ত চেয়ার পেতে রাখলেও অধিকাংশই ছিল ফাঁকা। সামনের দিকে কিছু লোক বসে শুনেছেন। আর কিছু লোক আশপাশে দাঁড়িয়েছিলেন। সাভার বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার এমনিতেই মানুষের ভিড় থাকে। উৎসুক মানুষ কী হচ্ছে তা দেখার চেষ্টা করলেও বসে কান পেতে শোনার আগ্রহ দেখায়নি। অবশ্য সমাবেশে আগত বক্তারা তাঁদের বক্তব্যে বিপুল লোক সমাগমের কথা বলছিলেন।
সমাবেশে স্থানীয় সাংসদ এনামুর রহমান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলাসহ অন্য নেতারা বক্তৃতা করেন।