সদ্য ঘোষিত বিএনপির নতুন কমিটির যুগ্ম মহাসচিব ও সম্পাদকমণ্ডলীর প্রথম যৌথ সভায় উপস্থিত হননি অধিকাংশ নেতা। যুগ্ম মহাসচিব ও সম্পাদকমণ্ডলীর বিভিন্ন পদে নেতার সংখ্যা ১৭০ জন। সভায় উপস্থিত থাকা একজন নেতা জানান, এর অন্তত ১০০ জনই অনুপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, দলের দুই শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা হয়। এতে দলের অঙ্গসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে সভা করেন বিএনপির নবনিযুক্ত যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহসম্পাদকেরা। সভা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভার সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘আজ নতুন কমিটির প্রথম যৌথ সভা হয়েছে। আমরা সবার সঙ্গে পরিচিত হয়েছি।’
বিএনপির নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম মহাসচিবসহ আটজন যুগ্ম মহাসচিব আছেন। এর মধ্যে মাত্র তিনজন মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন। আর ১০ জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে সভায় ছিলেন চারজন। তাঁরা হলেন শাখাওয়াত হোসেন জীবন, আনোয়ারুল আজিম, বিলকিস জাহান ও শামা ওবায়েদ। পাঁচ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের একজন মাসুদ আহমেদ তালুকদার সভায় ছিলেন। বাকি ১৪৭ জন বিভিন্ন সম্পাদকীয় ও সহসম্পাদক পদে আছেন।
যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ২৪ ঘণ্টার নোটিশে সভা করা হয়েছে। সম্পাদকদের অনেকে মামলার কারণে আত্মগোপনে আছেন। অনেকের অবস্থান ঢাকার বাইরে। এসব কারণে উপস্থিতি কম ছিল।
সভায় উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) রুহুল কুদ্দুছ তালুকদার জানান, তিনি অসুস্থ। দলকে বিষয়টি জানিয়েছেন।
রামপাল বিদ্যুৎ প্রকল্প ও জঙ্গিবিরোধী কর্মসূচি দেবে: সভা শেষে ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘সুন্দরবন ধ্বংসের যে ষড়যন্ত্র চলছে, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের প্রতিবাদে আমরা কর্মসূচি গ্রহণ করব। চলমান যে ভয়াবহ ঘটনা জঙ্গিবাদের বিরুদ্ধেও কর্মসূচি নেব।’ তবে কর্মসূচির দিনক্ষণ জানাননি।
প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসভা করার ইচ্ছা: ১ সেপ্টেম্বর দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অথবা রাজধানীতে শোভাযাত্রা বের করতে চায় বিএনপি। দলের মহাসচিব বলেন, ‘জনসভার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইব।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার কর্মসূচি দেন। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও খালেদা জিয়ার নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়া হবে। ৩ সেপ্টেম্বর তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে ওই দিন বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা হবে। ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষেও কর্মসূচি থাকবে। ওই দিন পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় এর আগে অথবা কয়েক দিন পিছিয়ে কর্মসূচি দেওয়া হবে।