অধিকাংশই ব্যবসায়ী, মামলায় ২৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৯৩টির মধ্যে ৯১ ওয়ার্ডের সাধারণ আসন ও ৩১টি ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া এই প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, এঁদের অধিকাংশই ব্যবসায়ী। মামলার ইতিহাস আছে ২৯ জনের।
বিভিন্ন ওয়ার্ডে দলের একাধিক নেতা দলের প্রার্থিতা প্রত্যাশী হওয়ায় নানা দেনদরবার শেষে গতকাল একক প্রার্থী ঘোষণা করা হয়। তবে দক্ষিণের ১৪ ও ২২ নম্বর ওয়ার্ড উন্মুক্ত রাখা হয়েছে। এ দুই ওয়ার্ডে যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। দক্ষিণে সাধারণ আসন ৫৭টি, সংরক্ষিত ১৯টি। উত্তরে এই সংখ্যা যথাক্রমে ৩৬ ও ১২।
গতকাল বুধবার রাতে দলের দুই নির্বাচন সমন্বয়কারী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে এর আগেই দলের সমর্থন-প্রত্যাশী সব প্রার্থীর কাছ থেকে প্রার্থিতা প্রত্যাহারপত্রে সই নিয়ে রাখা হয়। গড়ে প্রতিটি ওয়ার্ডে পাঁচজনের বেশি প্রার্থী আওয়ামী লীগের সমর্থন-প্রত্যাশী ছিলেন।
হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, সাধারণ আসনের এই প্রার্থীদের মধ্যে ২৯ জনের নামে বিভিন্ন সময়ে মামলা হয়েছে। তবে এঁদের বেশির ভাগেরই বিরুদ্ধে মামলা হয়েছে বিএনপি-জামায়াত সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। আওয়ামী লীগ সরকারের সময়ে তা প্রত্যাহার করা হয়েছে। কেউ কেউ অব্যাহতি পেয়েছেন, কেউ খালাস পেয়েছেন।
হলফনামায় দেখা যায়, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের ৬০ জনের পেশা ব্যবসা। এঁদের মধ্যে ১৩ জন ঠিকাদার। অন্যরা বিভিন্ন পেশার লোক।
ঢাকার দুই সিটি মিলে ৩১টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে দক্ষিণে ১৯টি ও উত্তরে ১২টি আসন। আওয়ামী লীগ গতকাল যাঁদের নারী প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে, তাঁদের ১০ জনই গৃহিণী, ছয়জন ব্যবসায়ী, একজন শিক্ষক। কারও নামে কোনো মামলা নেই। শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত থেকে মাস্টার্স।
আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দলীয় সূত্রে জানা গেছে, প্রত্যাশীদের মধ্যে যাঁরা দলের সমর্থন পাননি, তাঁদের কাছ থেকে নেওয়া প্রার্থিতা প্রত্যাহারপত্র আজ রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। তবে ঢাকা উত্তরে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ফারুক খান প্রথম আলোকে বলেন, ‘যাঁদের আমরা সমর্থন দিতে পারিনি, তাঁরা নিজেরাই যেন প্রার্থিতা প্রত্যাহার করে নেন, সে জন্য তাঁদের অনুরোধ করা হয়েছে।’
ঢাকা দক্ষিণ: এই সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে সাধারণ আসনের প্রার্থীদের মধ্যে ১৮ জনের নামে মামলার তথ্য পাওয়া গেছে তাঁদের হলফনামায়। এখানকার প্রার্থীদের মধ্যে ৩৫ জন ব্যবসায়ী, সাতজন ঠিকাদার।
ঢাকা দক্ষিণের দলের সমর্থন পাওয়া প্রার্থীদের মধ্যে ৩৩ নম্বর ওয়ার্ডের ইলিয়াস রশিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বোচ্চ ২৪টি মামলা হয়েছে। কিন্তু ২৩টিতেই তিনি অব্যাহতি পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। একটি মামলা বিচারাধীন আছে।
২৪ নম্বর ওয়ার্ডের মোশাররফ হোসেনের নামে ১৪টি এবং ৫০ নম্বর ওয়ার্ডের প্রার্থী সাইয়েম খন্দকারের নামে হয়েছিল ১৩টি মামলা। তবে তিনি সব কটি মামলা থেকেই অব্যাহতি পেয়েছেন।
এ ছাড়া ৩৫ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফার নামে চারটি, ৫ নম্বর ওয়ার্ডের আশরাফুজ্জামান ও ১৭ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন আহমেদের নামে তিনটি, ৯ নম্বর ওয়ার্ডের মমিনুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডের এম এ হামিদ খান, ৪৩ নম্বর ওয়ার্ডের হাজি সাহিদ ও ৪৫ নম্বর ওয়ার্ডের হাজি আসকারের নামে দুটি করে মামলা হয়েছে।
হলফনামায় একটি করে মামলার তথ্য আছে ২ নম্বর ওয়ার্ডের আনিসুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের সুলতান মিয়া, ১২ নম্বর ওয়ার্ডের গোলাম আশরাফ তালুকদার, ১৫ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ডের ময়নুল হক, ৫২ নম্বর ওয়ার্ডের মো. নাসিম, ৫৫ নম্বরের হাজি মোহাম্মদ নূরে আলম এবং ৫৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের নামে। তবে এঁদের বেশির ভাগের মামলাই প্রত্যাহার হয়েছে অথবা তাঁরা অব্যাহতি কিংবা খালাস পেয়েছেন।
ঢাকা উত্তর: এই সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডের সাধারণ আসনের প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, তাঁদের মধ্যে ১১ জনের নামে এক বা একাধিক মামলা ছিল। দু-একজনের মামলা বিচারাধীন আছে। এখানকার প্রার্থীদের মধ্যে ছয়জন ঠিকাদার। ব্যবসা করেন ১২ জন। চারজনের আয়ের উৎস দোকান ও বাড়িভাড়া।
ঢাকা উত্তরের সাধারণ আসনের প্রার্থীদের মধ্যে ২৯ নম্বর ওয়ার্ডে সমর্থন পাওয়া সলিমুল্লাহর (সলু) নামে সর্বোচ্চ নয়টি মামলা হয়েছে। সাতটি মামলা থেকে তিনি খালাস এবং অব্যাহতি পেয়েছেন। দুটি মামলা বিচারাধীন আছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতিগ্রস্ত ওয়ার্ড কমিশনারের তালিকায় তাঁর নাম ওঠে। ডাকাতি ও অস্ত্র মামলায় ১৯৭৮ সালের ২৪ এপ্রিল সলু সামরিক আদালতের রায়ে তিন বছর সাজা ভোগ করেন। নিজ বাসাসহ বিভিন্ন এলাকা থেকে তিনি আগ্নেয়াস্ত্রসহ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন। গত অপারেশন ক্লিন হার্টের সময় সেনাবাহিনীর হাতে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় র্যাবের হাতে গ্রেপ্তার হন।
৪ নম্বর ওয়ার্ডে সমর্থন পাওয়া জামাল মোস্তফার নামে পাঁচটি মামলা হয়েছে। তিনি দুটিতে অব্যাহতি পেয়েছেন এবং তিনটি প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া ২৪ নম্বর ওয়ার্ডের শফিউল্লা ও ৩৩ নম্বর ওয়ার্ডের শেখ বজলুর রহমানের নামে তিনটি করে মামলা হয়েছে। তবে শেখ বজলুর রহমান রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি মহানগর আওয়ামী লীগের সহসভাপতি।
৫ নম্বর ওয়ার্ডের আবদুর রউফ, ৭ নম্বর ওয়ার্ডের মোবাশ্বের চৌধুরী ও ২৭ নম্বর ওয়ার্ডের ফরিদুর রহমান খানের নামে দুটি করে মামলা আছে। ৩ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের আতিকুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডের ওয়াহিদুর রহমান, ২০ নম্বর ওয়ার্ডের মো. আসলামের নামে একটি করে মামলা হয়েছে। এঁদের বেশির ভাগই মামলা থেকে অব্যাহতি বা খালাস পেয়েছেন। আবার কারও কারও মামলা প্রত্যাহার করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সমর্থন না পাওয়া একজন কাউন্সিলর প্রার্থী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, স্থানীয় সাংসদেরা প্রধানমন্ত্রীকে কাউন্সিলপেদপ্রার্থীদের যে তালিকা দিয়েছেন, সেই তালিকা অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হয়নি। দক্ষিণে ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার লোকই বেশি দলের সমর্থন পেয়েছেন।
তবে দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দলের সমর্থন পাওয়া প্রার্থীদের বেশির ভাগই কেন্দ্রীয় নেতা ও স্থানীয় সাংসদদের সমর্থনপুষ্ট। মহানগর নেতাদের সুপারিশে সমর্থন পাওয়া কাউন্সিলর পদপ্রার্থী সংখ্যায় কম। কারণ কাউন্সিলর পদপ্রার্থী বাছাইয়ের জন্য যে ১৫টি কমিটি গঠন করা হয়, তাতে কেন্দ্রীয় নেতা ও স্থানীয় সাংসদেরা ছিলেন। মহানগর নেতারা কমিটিতে ছিলেন না।