অনড় আ.লীগ, সোমবার সমাবেশ করার চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি অবরোধ চালিয়ে গেলেও কোনো আলোচনার উদ্যোগ নেবে না সরকার। বরং আরও কঠোরভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শক্ত অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। শহরগুলোয় অবরোধের কোনো প্রভাব না থাকায় মহাসড়ক চালু রাখার বিষয়েই জোর দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারের শীর্ষ পর্যায়কে জানানো হয়েছে, চট্টগ্রাম থেকে পণ্য পরিবহন প্রায় স্বাভাবিক। সীমিত আকারে গণপরিবহন চলাচল করলেও তা স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা হচ্ছে। আগামী দু-চার দিনের মধ্যে দেশ স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব হবে বলে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, অবরোধ অব্যাহত থাকলেও কীভাবে জীবনযাত্রা স্বাভাবিক পর্যায়ে আনা যায়, তা নিয়ে আলোচনা হচ্ছে।
এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত জনসভা ১০ জানুয়ারির পরিবর্তে ১২ জানুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে। দলের পক্ষ থেকে বিশ্ব ইজতেমার জন্য তারিখ পরিবর্তন করার কথা বলা হলেও অনেকটা কৌশলগত কারণে তা পরিবর্তন করা হয়েছে। ১২ জানুয়ারি বিএনপি জনসভা করতে পরে বলে সরকারের কাছে খবর আছে। এ কারণেই আওয়ামী লীগ ওই দিন জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে। শেখ হাসিনা এতে বক্তব্য দেবেন।
১২ জানুয়ারি বর্তমান সরকারের এক বছর পূর্তি হবে। গত বছরের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
আওয়ামী লীগের জরুরি বৈঠক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতে গণভবনে ঢাকায় অবস্থানরত নেতাদের জরুরি বৈঠক ডাকেন। এ বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ছাড়াও উপদেষ্টামণ্ডলীর কয়েকজন নেতা অংশ নেন।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনো নেতা তেমন বক্তব্য দেননি। কিছু কথাবার্তা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশে কোনো অবরোধ হচ্ছে না। সবকিছুই প্রায় স্বাভাবিক। কেউ নাশকতামূলক কিছু করলে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়নি বা কেউ আটকে রাখেনি। তিনি ইচ্ছা করলে এখনই বাসায় যেতে পারেন। আবার এখন তিনি যেখানে আছেন, এটা তাঁর বাড়ি। এখানে যা হচ্ছে তা সাজানো নাটক।
বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবারও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী সরকারের শক্ত অবস্থান তুলে ধরে বলেন, নাশকতা ও ধ্বংসাত্মক কর্মসূচির ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
দলীয় কয়েকজন নেতা জানান, সরকারের শক্ত অবস্থান থাকলেও বিএনপির সঙ্গে সরাসরি সংঘাত এড়ানোর চেষ্টাও আছে সরকারের। নাশকতা বা সংঘাতমূলক কোনো তৎপরতার আশঙ্কা থাকলে বিএনপি জোটকে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।