অনন্য ভোট, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ

প্রার্থী, ব্যালট পেপার, প্রতীক—সবই ছিল। ছিল ভোটারদের লম্বা সারি। সবার মুখে স্বতঃস্ফূর্ততার ছাপ। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সকালের দৃশ্য এটি।
আসন্ন পৌরসভা নির্বাচনে একক প্রার্থী মনোনয়নে ভোট দিতে এসেছিলেন মহল্লার বাসিন্দারা। এ যেন ভোটের আগে ভোট। কিন্তু মাঝপথে বাদ সাধল পুলিশ। ঘণ্টা পাঁচেক ভোট গ্রহণ চলার পর দুপুরে পুলিশের নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর উল্লাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীকোলা মহল্লার সাতজন কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। তাঁরা হলেন শাহাদত হোসেন, জাকির হোসেন, আবদুল আলিম, আবদুল মজিদ, জাহাঙ্গীর হোসেন, রমজান আলী ও বছির আহমেদ। আগ্রহীরা মহল্লাবাসীর সমর্থন চাইলে মুরব্বিরা সমঝোতা বৈঠকে বসেন। তখন তিনজন প্রার্থী জাহাঙ্গীর হোসেন, রমজান আলী ও বছির আহমেদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি হন। বাকি চারজন আগের সিদ্ধান্তে অটল থাকেন। পরে মহল্লার প্রবীণদের নির্দেশে একক প্রার্থী মনোনয়নের জন্য সরাসরি ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত হয়, প্রতিটি খানা বা পরিবার থেকে একজন করে ভোট দিয়ে চারজনের মধ্যে একজনকে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচিত করবেন। যিনি মূল পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করবেন।
ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয় গতকাল। নির্বাচনে উপজেলার ঘনা কুচিয়ামারা ডিগ্রি কলেজের প্রভাষক শহিদুল ইসলামকে প্রিসাইডিং কর্মকর্তা করা হয়। প্রার্থী আবদুল আলিমকে দেয়ালঘড়ি, জাকির হোসেনকে চেয়ার, শাহাদৎ হোসেনকে মোরগ, আবদুল মজিদকে মাছ প্রতীক বরাদ্দ দিয়ে ব্যালট পেপারও ছাপানো হয়। নির্বাচনের খরচ চারজন প্রার্থীই বহন করবেন বলে সিদ্ধান্ত হয়।
ভোটের আয়োজক কমিটির সভাপতি মো. রওশন আলী বলেন, একাধিক প্রার্থী হওয়ায় সবার সম্মতি নিয়ে ভোটের আগেই একক কাউন্সিলর প্রার্থী মনোনয়নের জন্য খানাভিত্তিক ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। এলাকার ৬৮৯টি খানা বা পরিবারের ভোটে যিনি নির্বাচিত হবেন, তাঁকেই এই ওয়ার্ডের প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে। এতে কারও মধ্যে কোনো রাগ থাকবে না।
ভোট দিতে আসা রহমত আলী বলেন, ‘এমন ভোট হয় কোনো দিন দেখি নাই। ভোটে গন্ডগোল হয়, কিন্তু আজকের ভোটে তা নেই। সকলেই নিজের ইচ্ছামতো ভোট দিচ্ছে। আমরা আশা করব আগামী ৩০ তারিখের নির্বাচনটিও এভাবে উৎসবমুখর পরিবেশে হবে।’
গতকাল সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরুর পর বেলা দুইটার দিকে পুলিশ এসে ভোট গ্রহণ বন্ধ করে দেয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ প্রথম আলোকে বলেন, প্রার্থী মনোনয়ন করার জন্য প্রতীক ছাপিয়ে এভাবে ভোট গ্রহণের নিয়ম না থাকায় ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরোয়াভাবে আলোচনা করে প্রার্থী মনোনয়ন করতে বলা হয়েছে।