কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন ওরফে সবুজকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মাসুদুর রহমান ধর্মঘটের সত্যতা নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে পৌনে একটা পর্যন্ত উপাচার্যের দপ্তরের সামনে ইলিয়াসের অনুসারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাঁরা ইলিয়াসকে মুক্ত করা না পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হতে দেবেন না বলে জানান। এ সময় তাঁরা আজ থেকে ওই ধর্মঘটের ডাক দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমপক্ষে তিনজন নেতা দাবি করেন, গত শুক্রবার বেলা ১১টায় র্যা ব-১১ কুমিল্লার সদস্যরা চরের (সোর্স) মাধ্যমে ইলিয়াসকে মুঠোফোনে কোটবাড়ির ময়নামতি জাদুঘর এলাকায় ডেকে আনেন। এরপর তাঁকে অস্ত্রসহ তুলে নিয়ে যাওয়া হয়। পরে র্যা বের সদস্যরা তাঁকে পিটিয়ে জখম করেন। বর্তমানে ইলিয়াস কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে রয়েছেন। তাঁর মাথা, মুখ, পিঠ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে র্যা ব-১১ কুমিল্লার কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার নাজিম উদ্দিন আল আজাদ বলেন, ‘ইলিয়াসকে গ্রেপ্তারের সময় তাঁর কপালে সামান্য আঘাত লাগে। আমরা তাঁর শরীরে আঘাত করিনি। র্যা ব কারও হাতে অস্ত্র তুলে দেয় না।’
এদিকে গত শুক্রবার রাতে কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ইলিয়াসের অনুসারীরা। এ সময় লিখিত বক্তব্যে মো. মাসুদুর রহমান বলেন, সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি হবে। ওই কমিটিতে ইলিয়াস সভাপতি প্রার্থী। সে জন্যই কৌশলে ইলিয়াসকে হয়রানি করা হয়।