অনিশ্চয়তা থেকে দেশকে রক্ষা করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া বের করে বিদ্যমান অনিশ্চয়তা থেকে দেশকে রক্ষা এবং জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকার রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি এ আহ্বান জানায়। কমিটির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিকের সই করা এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ক্রমশ নাজুক অবস্থায় যাচ্ছে এবং রাজনৈতিক প্রক্রিয়া ও শাসন-প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ ও অধিকার কমছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি জনগণের অংশগ্রহণহীন প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচনের মাধ্যমে এই প্রবণতা আরও প্রকট হয়েছে এবং এর পর থেকেই দেশে রাজনৈতিক অচলাবস্থা আরও অনিশ্চয়তায় পড়েছে। সেই সঙ্গে জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। দেশে গুম, খুন, অপহরণসহ রাষ্ট্রীয়ভাবে মানবাধিকার লঙ্ঘন যে পর্যায়ে পৌঁছেছে তা এবং সেই সঙ্গে প্রতিবাদের ভাষা হিসেবে সহিংস রাজনৈতিক কর্মসূচি প্রতিদিন জনগণের নিরাপত্তা বিঘ্নিত করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ বছর ৫ জানুয়ারি সামনে রেখে প্রতিপক্ষ রাজনৈতিক দলের ভাষা ও কর্মসূচি আমাদের চিন্তিত করছে এবং এতে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও ক্ষতির সম্মুখীন হবে বলে আমরা আশঙ্কা করছি।’ বিজ্ঞপ্তি।