অনিয়মের অভিযোগ পেলে খতিয়ে দেখব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে কমিশনার শাহনেওয়াজ বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা দোষের নয়। আইনেও তা বলা আছে। তবে কোনো অনিয়ম হয়ে থাকলে কমিশন সেটা দেখবে। সে জন্য কমিশনের কাছে সুনির্দিষ্ট অভিযোগ করতে হবে। আইন ভঙ্গকারী যেই হোক, কমিশন কাউকে ছাড় দেবে না।

শাহনেওয়াজ বলেন, ফেনীর পরশুরামে মনোনয়নপত্র জমা নেওয়ার সময় এক দিন বাড়ানো হয়েছিল। এরপরও ক্ষমতাসীন দল ছাড়া অন্যরা সেখানে মনোনয়নপত্র জমা দেয়নি। এমনকি কেউ অভিযোগও করেনি। কেউ ঘরে বসে থাকলে তো তাকে ধরে এনে নির্বাচন করানো সম্ভব নয়।

নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, ‘প্রার্থীরা যাতে প্রভাবশালীদের বাধার মুখে না পড়েন, সে জন্য রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়েও মনোনয়নপত্র জমা নেওয়ার ব্যবস্থা করেছি। এরপরও কারও কোনো অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট আকারে আসতে হবে। কমিশন ব্যবস্থা নেবে। কোনো উড়ো খবরের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।’