ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া বিশৃঙ্খলা ও অনিয়মকে গায়ে মাখছে না নির্বাচন কমিশন। ৩৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকাকেও ‘ব্যতিক্রম’ বা ‘নজিরবিহীন’ মনে করছে না কমিশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন জায়গায় বিরোধী দল ও ক্ষমতাসীন দলের ‘বিদ্রোহী’ প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। প্রার্থীরাও সরাসরি নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করছেন। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা একে আদৌ গুরুত্ব দিচ্ছে বলে মনে করছেন না ভুক্তভোগীরা।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, আইনগতভাবে কমিশনের পক্ষে যতটা করা সম্ভব, তার সর্বোচ্চটাই করা হচ্ছে।
মাঠপর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তাদের কয়েকজন লিখিত ও মৌখিকভাবে নির্বাচন কমিশন সচিবালয়কে জানিয়েছেন, প্রার্থীদের বাধা দেওয়ার ঘটনায় তাঁরা স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু পুলিশ সহযোগিতা করেনি। পুলিশের মতো কমিশনও রিটার্নিং কর্মকর্তাদের কথায় গা করেনি বলে মন্তব্য করেছেন একাধিক রিটার্নিং কর্মকর্তা। কারণ, কমিশন থেকে বিষয়টি সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা আসতে পারে—এমন অভিযোগ আগেই কমিশনের কাছে জানিয়েছিলেন মাঠপর্যায়ের কর্মকর্তারা। এ অবস্থা থেকে উত্তরণে কমিশনের সামনে পথও খোলা ছিল। আলোচনায় ছিল একাধিক জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সুযোগ রাখা। জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় খোলা যেত। সেখানে মনোনয়নপত্র গ্রহণ করা যেত। একাধিক জায়গায় থাকলে বাধা দেওয়া কঠিন হতো। কিন্তু কমিশন ব্যবস্থা রাখেনি।
এ ছাড়া যাঁরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তাঁদের মনোনয়নপত্র ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে গ্রহণ করার বিষয়টি আলোচনায় আসে। কিন্তু কমিশন সেটিও নাকচ করে দেয়।
কমিশন সচিবালয় থেকে জানা যায়, এ পর্যন্ত সাতক্ষীরা, বরগুনা ও নলছিটি থেকে কমিশন সচিবালয়ে আটটির মতো অভিযোগ এসেছে। সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার কমিশন বৈঠক করে। বৈঠকে কমিশন একমত হয় যে, যাঁরা বাধার কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তাঁদের বিষয়ে করণীয় কিছু নেই। তা ছাড়া, বাধাপ্রাপ্ত ব্যক্তিদের মনোনয়নপত্র নেওয়ার সুযোগ দিলে অনেকেই দিতে চাইবেন।
যেসব প্রার্থী কমিশনে এসে মনোনয়নপত্র দেওয়ার আবেদন করেছেন, একজন কমিশনার তাঁদের মনোনয়নপত্র গ্রহণের প্রস্তাব করলেও অন্যরা তা সমর্থন করেননি। এ ক্ষেত্রে তাঁদের যুক্তি, এই সুযোগ দেওয়া হলে অন্য প্রার্থীরাও কমিশনে এসে হাজির হবেন। বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের যাতে কেউ বাধা দিতে না পারে, সে জন্য একাধিক জায়গায় মনোনয়নপত্র গ্রহণের বিষয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত তা-ও নাকচ হয়ে যায়।
এ প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, কমিশন যদি মনে করে যে কোনো প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা দেওয়া হয়েছে, সে ক্ষেত্রে ওই ব্যক্তির মনোনয়নপত্র গ্রহণের ক্ষমতা কমিশনের আছে। তিনি বলেন, অনেক ইউপিতে একজন প্রার্থী হওয়ার ঘটনা সন্দেহজনক। কমিশন এসব ইউপির নির্বাচন স্থগিত করে তদন্ত করতে পারে। প্রতিপক্ষের বাধা এড়াতে জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস ও নির্বাহী কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র গ্রহণ করা যেতে পারে।
প্রথমবারের মতো রাজনৈতিক দলের মনোনয়ন ও প্রতীকে আগামী ২২ মার্চ ৭৩৮টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। এ জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২২ ফেব্রুয়ারি। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন মোট ৩ হাজার ৫৬৮ জন। ওই দিনের হিসাবে দেখা যায়, ২৫টি ইউপিতে চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের। এর মধ্যে বাগেরহাট জেলারই আছেন ১৯ জন।
২৩ ও ২৪ মার্চ মনোনয়নপত্র বাছাই হয়। চেয়ারম্যান পদে কতজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে বা কতজনের বাতিল হয়েছে, সে তথ্য গতকাল পর্যন্ত কমিশন সচিবালয় দিতে পারেনি। তবে কমিশন সচিবালয়ের নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ৯০ থেকে ১০০ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাঁদের মধ্যে বিএনপির প্রার্থী আছেন ২৫ থেকে ৩০ জন। বাকিরা আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী, অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী।
বাছাইয়ে শুধু ঝালকাঠির নলছিটি উপজেলায় বিএনপি মনোনীত পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। যার ফলে ওই সব ইউনিয়নে এখন আওয়ামী লীগের প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বাগেরহাটে বাতিল হয়েছে বিএনপির আরও তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র। সব মিলিয়ে গতকাল পর্যন্ত ৩৮টি ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে এ ধরনের ঘটনা বিরল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাধার মুখে বাগেরহাট, বরগুনা, ঝালকাঠি, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, যশোর, পিরোজপুর, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জসহ আরও কয়েক জেলায় বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এমনকি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, ৭৩৮টি ইউনিয়নের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ৩৪৩ জন কর্মকর্তা। তাঁদের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা মাত্র ১০৪ জন। বাকিরা সরকারের নির্বাহী বিভাগের। তাঁদের বেশির ভাগই উপজেলা শিক্ষা, মৎস্য, সমাজসেবা, কৃষি ও সমবায় কর্মকর্তা গোছের। এসব কর্মকর্তা সর্বোচ্চ তিনটি ইউপিতে দায়িত্ব পালন করছেন।