অনুপ্রবেশকারীদের ঝেঁটিয়ে বিদায় করা হবে: এইচ টি ইমাম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, অনুপ্রবেশকারীদের জন্য আওয়ামী লীগের বদনাম হচ্ছে। তাই অনুপ্রবেশকারীদের ঝেঁটিয়ে বিদায় করা হবে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, দেশ ও দলের প্রয়োজনে একটা সময় আওয়ামী লীগকে সংগঠিত করা হচ্ছিল। এই সুযোগে বিভিন্ন দল থেকে অনেকেই আওয়ামী লীগে ঢুকে পড়েছে। কিন্তু আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই। দলের সুনাম রক্ষায় তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে।
এইচ টি ইমাম বলেন, আওয়ামী লীগ সব সময় পরিচ্ছন্ন রাজনীতি করে। আওয়ামী লীগ কাউকে আক্রমণ করেনি, আক্রান্ত হয়েছে। সব সময় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এই চেষ্টা যেমন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, তেমনি এখন মাদক, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে, সেটাও চলবে।
কর্মশালায় আরও বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিন জাহান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭০ বছর উপলক্ষে দলটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটি এ কর্মশালার আয়োজন করে। সব বিভাগীয় শহরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এটি রাজশাহীতেও আয়োজন করা হয়। কর্মশালা সঞ্চালনায় ছিলেন প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য শাহ আলী ফরহাদ। কর্মশালায় রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।