
পুলিশের অনুমতি না পাওয়ায় ২০-দলীয় জোটের আজ শনিবারের মানববন্ধন কর্মসূচি পালিত হয়নি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আগামী ২ সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। মানববন্ধনের সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে। বিএনপি-জোট সংঘাত এড়িয়ে চলতে চায় বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মির্জা ফখরুল জানান, সারা বিশ্বে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। ২০-দলীয় জোট এ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিল। এ কর্মসূচির জন্য ঢাকা মহানগর কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল। প্রথমে প্রেসক্লাবকে কেন্দ্র করে পূর্বে দৈনিক বাংলা মোড় ও পশ্চিমে শিশুপার্ক পর্যন্ত মানববন্ধন করার কথা ওই চিঠিতে উল্লেখ করা হয়।
বিএনপির এই নেতা দাবি করেন, তখন পুলিশ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কর্মসূচির অজুহাত জানালে স্থান পরিবর্তন করে বিএনপির নয়াপল্টনকে কেন্দ্র করে পূর্বে নটর ডেম কলেজ ও পশ্চিমে বিজয়নগর মোড় পর্যন্ত মানববন্ধনের স্থান উল্লেখ করে আবার চিঠি দেওয়া হয়। পুলিশ অনুমতি নিয়ে টালবাহানা করতে থাকে। গতকাল রাত ১১টার দিকে পুলিশ জানায়, এ দিবস পালনের অনুমতি দেওয়া হয়নি।
মির্জা ফখরুল এই সিদ্ধান্তের নিন্দা জানান। তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার নিজেদের অপরাধ-অপকর্ম উন্মোচিত হওয়ার ভয়ে ২০-দলীয় জোটকে এ দিবসটি পালন করতে দেয়নি। “গুম অপহরণের হোতা এই অবৈধ সরকার” মনে করে ২০-দলীয় জোটকে এ দিবসটি পালন করতে দিলে তাদের বীভত্স রূপ বিশ্ববাসীর কাছে আরও বেশি প্রকাশ হয়ে পড়বে।’