অনুমতি না পেয়ে মানববন্ধন পেছাল বিএনপি জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অনুমতি না পাওয়ায় গতকাল শনিবার রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। 
গতকাল বেলা ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান। তিনি বলেন, তাঁরা সংঘাত এড়িয়ে চলতে চান। তাই এই মানববন্ধন কর্মসূচি আগামী ২ সেপ্টেম্বর পালন করবে ২০ দল।
ফখরুল বলেন, সরকার নিজেদের অপরাধ, অপকর্ম উন্মোচিত হওয়ার ভয়ে ২০-দলীয় জোটকে এ দিবসটি পালন করতে দেয়নি। ‘গুম অপহরণের হোতা এই অবৈধ সরকার’ মনে করে ২০-দলীয় জোটকে এ দিবসটি পালন করতে দিলে তাদের বীভৎস স্বরূপ বিশ্ববাসীর কাছে আরও বেশি প্রকাশ হয়ে পড়বে।
মির্জা ফখরুল জানান, সারা বিশ্বে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে গতকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়। ২০-দলীয় জোট এ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিল। তিনি বলেন, এ কর্মসূচির জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল। প্রথমে প্রেসক্লাবকে কেন্দ্র করে পূর্বে দৈনিক বাংলা মোড় ও পশ্চিমে শিশুপার্ক পর্যন্ত মানববন্ধন করার কথা ওই চিঠিতে বলা হয়েছিল। পুলিশ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কর্মসূচির অজুহাত জানালে পরে স্থান পরিবর্তন করে নয়াপল্টনকে কেন্দ্র করে পূর্বে নটর ডেম কলেজ ও পশ্চিমে বিজয়নগর মোড় পর্যন্ত মানববন্ধনের স্থান উল্লেখ করে আবার চিঠি দেওয়া হয়। পুলিশ অনুমতি নিয়ে টালবাহানা করতে থাকে। শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ জানায় যে এ দিবস পালনের অনুমতি দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে জোটের শরিক অন্যান্য দলের নেতারাও উপস্থিত ছিলেন।