অনুমতি না মেলায় স্মরণসভা বিক্ষোভ কর্মসূচিতে পরিণত
পুলিশের অনুমতি না পাওয়ার কারণে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাটি বিক্ষোভ কর্মসূচিতে পরিণত হয়।
স্থানীয় ছাত্রদলের তিন নেতা-কর্মীর স্মরণে নগরের হালিশহর বি-ব্লক এলাকায় গতকাল শুক্রবার বিকেলে সভা আহ্বান করা হয়েছিল। পুলিশ সেই কর্মসূচি পালনে অনুমতি দেয়নি বলে সভাটি বিক্ষোভ কর্মসূচিতে রূপ নেয়।
স্থানীয় ছাত্রদলের নাজমুল, বাবুল ও কচির স্মরণে হালিশহর বি-ব্লকের শহীদ মিনার এলাকায় সভা আহ্বান করা হয়েছিল। ১৯৯২ সালের প্রতিপক্ষের ব্রাশফায়ারে এ তিনজন খুন হয়। ছাত্রদল তখন এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেছিল। স্মরণসভা করার জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়। স্থানীয় পুলিশ প্রশাসন অনুমতি দেয়নি। তাই গতকাল বিকেলে হালিশহর শহীদ মিনার এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি। পরে সেখানে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন আবদুল্লাহ আল নোমান।
বিক্ষোভ সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, সভা-সমাবেশের গণতান্ত্রিক অধিকারে বাধা সৃষ্টি করে পুলিশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। অথচ সমাবেশ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। এ অধিকারে হস্তক্ষেপ করে পুলিশ স্বৈরাচারী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। গণতান্ত্রিক আন্দোলনে অহিংস কর্মসূচি পালনে বাধা দেওয়া হলে উদ্ভূত পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে।
নোমান আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসবে না। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে। যেখানে বাধা সৃষ্টি, সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে। আগামী দিনের আন্দোলন কর্মসূচি শিগগির ঘোষণা করা হবে। সবাইকে এ আন্দোলনে শামিল হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
গতকাল বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা ও স্মরণসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোশারফ জামাল। এতে বক্তৃতা করেন নগর বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী প্রমুখ।