অনুসন্ধান কমিটি নিয়ে নিরাশ ফখরুল, আশাবাদী মওদুদ
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটি নিয়ে নতুন কোনো আশা দেখছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলেও কমিটি নিয়ে আশাবাদী হতে চান দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। গতকাল শনিবার আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ দুই নেতা তাঁদের বক্তব্য তুলে ধরেন।
গতকাল সকালে যুবদলের নতুন কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, অনুসন্ধান কমিটি কী কাজ করবে, তা স্পষ্ট। তাই তাদের কাছ থেকে নতুন কোনো আশার আলো তাঁরা দেখছেন না। তিনি বলেন, মানুষ দেশের রাজনৈতিক সংকট উত্তরণে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের আশা করেছিল। কিন্তু অনুসন্ধান কমিটিতে যাঁদের রাখা হয়েছে, তাঁদের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন কমিশন আশা করা যায় না। তারপরও যদি তাঁরা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারেন, তাহলে মানুষ বুঝবে, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তাঁরা কাজ করেছেন।
রাষ্ট্রপতির সঙ্গে জাতিসংঘের আলোচনার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, অনুসন্ধান কমিটি গঠনের আগে এই উদ্যোগ নেওয়া হলে এটা ফলপ্রসূ হতো। তবে এর আগে জাতিসংঘের কোনো উদ্যোগই সফল হয়নি।
গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বিএনপি অনুসন্ধান কমিটির যে কাঠামো প্রস্তাব করেছিল, ঠিক তার উল্টো কমিটি করা হয়েছে। বিএনপি কোনো নাম দেয়নি। বিএনপি বলেছিল, অবসরপ্রাপ্ত ও সরকারের লাভজনক পদে নেই এমন ব্যক্তিদের নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করতে। মওদুদ বলেন, অনুসন্ধান কমিটি নিয়ে অনেকে নিরাশার কথা বলছেন। তারপরও তিনি আশাবাদী। তিনি আশা করেন, এই কমিটি নির্বাচন কমিশনার হিসেবে এমন ব্যক্তিদের নাম প্রস্তাব করবে, যাঁদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল না, নেই। জ্ঞান, সততা, গ্রহণযোগ্যতা, দলীয় স্বার্থ-সম্পর্কিত নন, এমন ব্যক্তিদের নাম তারা সুপারিশ করবে। বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের দলীয় কাউকেও আপনারা সুপারিশ করবেন না।’
মওদুদ বলেন, বিএনপি আপ্রাণ চেষ্টা করবে সমঝোতা করতে। রাষ্ট্রপতির সঙ্গে নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে সংকট সমাধান করতে তাঁরা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। না হলে আন্দোলনের কোনো বিকল্প থাকবে না। নির্বাচনকালীন সরকার নিয়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনার আয়োজন করে।