অনুসন্ধান কমিটিকে নাম দেবে আ. লীগ

নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটির কাছে পাঁচজনের নামের তালিকা দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ সোমবার দলটির কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৈঠকে আমরা সার্চ কমিটিকে নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বৈঠকে উপস্থিত একাধিক নেতার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, বৈঠকে আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ নাম দেওয়ার এবং কেউ না দেওয়ার পক্ষে বক্তব্য দেন। কেউ কেউ বলেন, এতে বিতর্ক হতে পারে। একপর্যায়ে দলীয় প্রধান শেখ হাসিনা বলেন, যেহেতু রাষ্ট্রপতির সব উদ্যোগ আওয়ামী লীগ সমর্থন করেছে, সুতরাং রাষ্ট্রপতির গঠন করা অনুসন্ধান কমিটির উদ্যোগকেও তাঁরা সম্মান জানাতে চান। এ কারণে নাম দেওয়া উচিত।
এরপর সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন প্রস্তাব করেন, দলীয় প্রধান শেখ হাসিনা যাঁদের প্রয়োজন মনে করবেন, তাঁদের নিয়ে নামের তালিকা তৈরি করে পাঠাবেন। এতে সমর্থন করেন আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু ও প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। কিন্তু শেখ হাসিনা এই প্রস্তাব গ্রহণ না করে উপস্থিত সবাইকে নাম দিতে বলেন।
বৈঠকে উপস্থিত দুজন নেতা বলেন, কেউ একটি নাম দিয়েছেন। কেউ দিয়েছেন একাধিক। আবার কেউ কেউ লিখেছেন দলীয় প্রধান যাঁকে যোগ্য মনে করবেন তাঁর নামই পাঠাবেন। পুরো দায়িত্ব দলীয় প্রধানের ওপর ছেড়ে দেন তাঁরা।
আগামীকাল মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে নামের তালিকা অনুসন্ধান কমিটির কাছে পাঠানো হবে বলে সূত্র জানিয়েছে।
বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটির প্রায় ৯০ জন সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বৈঠকে সূচনা বক্তব্য দেন সভাপতি শেখ হাসিনা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি, আগামী দিনের প্রতিটি নির্বাচন এভাবে সুষ্ঠু হবে। জনগণ তাদের ইচ্ছামতো ভোট দেবে। যাকে খুশি তাকে ভোট দেবে। এই স্লোগান আমাদের ছিল। আমরা সেটাই নিশ্চিত করতে চাই।’
জনগণের ক্ষমতায়ন ও অধিকারে আওয়ামী লীগ বিশ্বাসী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে। দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে।’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় আসা মানে দেশ ধ্বংসের পথে যাওয়া। দেশ ধ্বংসের পথে যায়। তাই আজকে মানুষকে শান্তির পথ বেছে নিতে হবে। আমরা দেশের মানুষকে শান্তি দিতে চাই। উন্নতি দিতে চাই। অগ্রগতি দিতে চাই। আলোর পথে নিয়ে যেতে চাই। এই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করছে।’