জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, অনুসন্ধান কমিটিতে যাঁরা এসেছেন, তাঁরা সম্মানিত ব্যক্তি। তিনি বলেন, ‘আশা করি এই অনুসন্ধান কমিটি সকলের গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব করবে। এই নির্বাচন কমিশন গতবারের মতো হবে না।’
গতকাল শনিবার রাজধানীর বনানীর কার্যালয়ে বিভিন্ন দল থেকে জাতীয় পার্টিতে যোগ দেওয়া কর্মীদের এক যোগদান অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।
এরশাদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘জাতীয় পার্টি সমৃদ্ধ হচ্ছে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। বিএনপি এখন আগের অবস্থানে নেই। বর্তমান সরকারের কাছ থেকে জনগণ দূরে সরে যাচ্ছে। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেব, এটা আমার প্রতিশ্রুতি। তাই বিভিন্ন দলের অনেক নেতাই আমাদের দলে যোগদান করে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করছেন।’
অনুষ্ঠানে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের বাগেরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানসহ কয়েকজন কর্মী-সমর্থক এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এর কিছুক্ষণ পর মুশফিকুরকে আগামী খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী বলে ঘোষণা দেন।
জাপার সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, সাইফুদ্দিন মিলন, খালেদ আখতার প্রমুখ।