অনেক দেশে বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে: মতিন খসরু
সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সরকার আবেদন করবে বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খসরু। আজ সোমবার প্রথম আলোকে তিনি এ তথ্য জানান।
আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায় সবাইকে মানতে হবে। আদালতের রায় সবার জন্য শিরোধার্য। তবে আপিল বিভাগের এই রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করবে। পৃথিবীর অনেক দেশে বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে রয়েছে।’
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়। ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের ৯ আইনজীবী হাইকোর্টে রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর চলতি বছরের ৮ মে শুনানি শুরু হয়, যা ১ জুন শেষ হয়।