অনেক নেতা ষড়যন্ত্র আঁটছেন: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আবারও দলে ষড়যন্ত্রের আভাস দিয়েছেন। তিনি বলেছেন, অনেক নেতা মামলা থেকে বাঁচতে ও সম্পত্তি রক্ষা করতে এক-এগারোর মতো ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটাতে পরিকল্পনা আঁটছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এই আভাস দেন। এ সময় মঞ্চে দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ উপস্থিত ছিলেন।
গয়েশ্বর চন্দ্র রায় ষড়যন্ত্রকারী নেতাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘একবার ক্ষমা করেছি। আরেকবার অপরাধ করলে রক্ষা করার লোক পাওয়া যাবে না। তৃণমূলের নেতা-কর্মীরা এবার ছাড়বে না।’
জাসদই বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিল—শেখ সেলিমের এ বক্তব্যের উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘আপনারাও অপরাধী। তাদের (জাসদ নেতা) সঙ্গে বসছেন, বিনা ভোটে এমপি বানিয়েছেন। এটাই যদি রাজনীতি হয়, তাহলে তা টিকবে না।’ তিনি বলেন, দেশে বোমা বানানোর সংস্কৃতি এবং সশস্ত্র বিপ্লবের পথ দেখিয়েছিল কর্নেল তাহের ও হাসানুল হক ইনুরাই।