অনেকেই জাপার সঙ্গে যোগাযোগ করছেন: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি এম কাদের। ফাইল ছবি
জি এম কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশের রাজনীতিতে একটি শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতা পূরণে একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি।

কাদের বলেছেন, বর্তমান বাস্তবতায় জাতীয় পার্টি সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। তাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন, আবার অনেকেই যোগ দিতে যোগাযোগ করছেন জাতীয় পার্টির সঙ্গে।

আজ বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন জি এম কাদের। আজ ফেনী জেলা বিএনপি নেতা ভিপি জহির ও ভিপি বেলালের নেতৃত্বে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জি এম কাদের।

অনুষ্ঠানে সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, আগামী দিনে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়ে জনগণের সমর্থন নিয়ে দেশের দায়িত্বভার গ্রহণ করবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, শৃঙ্খলাই শক্তি। তাই নেতৃত্বের প্রতি আনুগত্য থাকতে হবে। দলকে আরও শক্তিশালী করতে তৃণমূলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান বলেন, যাঁরা অন্য দল থেকে জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন, তাঁদের যোগ্যতা অনুযায়ী সম্মান দেওয়া হবে।

জাপা মহাসচিব বলেন, ‘যেসব আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন, সেগুলো আমরা আগামী নির্বাচনে পুনরুদ্ধার করতে চাই। তাই দলকে আরও শক্তিশালী করতে হবে।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের সামরিক–বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা শান্তির রাজনীতি করি। আমরা কারও সঙ্গে সংঘাতে জড়াব না। তবে কোনো শক্তি সংঘাতে বাধ্য করলে জাতীয় পার্টি পিছপা হবে না।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমা আকতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর প্রমুখ।