অনৈক্যের অবসান চায় তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ প্রতীক্ষার পর ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির দুর্গ চুয়াডাঙ্গায় বাতাস লেগেছিল নৌকার পালে। জেলার দুটি আসনেই জয়লাভ করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী। সেই থেকে পরবর্তী জাতীয় ও স্থানীয় সব নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার। তবে, বছর খানেক হলো দলের ভেতরে অনৈক্য দেখা দিয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁরা দলের স্বার্থে এর অবসান চান।
দলের জ্যেষ্ঠ নেতাদের বেশির ভাগই মনে করেন, প্রতিপক্ষ প্রধান রাজনৈতিক দল বিএনপিতে কোন্দল এবং আওয়ামী লীগের ঐক্যবদ্ধের রাজনীতিই জেলায় দলের বিজয় এনে দিয়েছিল। নির্বাচনে জয়লাভ করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ওরফে ছেলুন এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলী আজগার ওরফে টগর। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তাঁরা দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হন। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার বর্তমানে জাতীয় সংসদের হুইপ।
সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনেও চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তবে, অল্প ভোটের ব্যবধানে দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা পরাজিত হন। ইউনিয়ন পরিষদগুলোতেও আওয়ামী লীগ আগের তুলনায় ভালো ফল করেছিল।
নেতা-কর্মীরা প্রথম আলোকে জানান, ঐক্যবদ্ধ রাজনীতি ধারাবাহিক সাফল্য এনে দিলেও প্রায় এক বছর ধরে দুই সংসদ সদস্য ও তাঁদের অনুসারীদের মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে। সোলায়মান হক জোয়ার্দ্দার হুইপ নির্বাচিত হওয়ায় গত বছরের ৫ আগস্ট জীবননগর উপজেলা আওয়ামী লীগ তাঁকে সংবর্ধনা দেয়। সেখানে হুইপের উপস্থিতিতেই বক্তারা চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগারের বিরুদ্ধে বক্তব্য দেন। সমাবেশে জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন মিয়া, হুইপের সহোদর চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। হুইপ তাঁর বক্তব্যে সাংসদ আলী আজগারকে ‘সাংগঠনিক’ হওয়ার পরামর্শ দেন।
সাংসদ আলী আজগারের অনুসারীরা পৌর আওয়ামী লীগের ব্যানারে ওই বছরই জাতীয় শোক দিবস উপলক্ষে ১৮ আগস্ট সমাবেশের আয়োজন করেন। সেই সমাবেশে হুইপের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের জবাব দেন। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ প্রধান বক্তা ছিলেন। অন্যান্যের মধ্যে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ অমল প্রমুখ বক্তব্য দেন।
সাংসদ আলী আজগার হুইপ সোলায়মান জোয়ার্দ্দারকে মামা সম্বোধন করে বলেন, ‘যে মামা আমাকে যোগ্যতার বিবেচনায় সংসদ সদস্য নির্বাচনে উৎসাহিত করেছিলেন, কী কারণে হঠাৎ সেই আমি অযোগ্য হলাম, তার উত্তর জানা প্রয়োজন।’
সমাবেশে আজাদুল ইসলাম আজাদ আক্ষেপ করে বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করতে পারিনি। আমার বিশ্বাস, দলের সভাপতি চাইলে আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারতাম।’
গত এক বছরে অনুষ্ঠিত একাধিক সভা-সমাবেশে দুই পক্ষের নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছেন। এমনকি জীবননগরে উভয় পক্ষের নেতা-কর্মী-সমর্থকেরা পাল্টাপাল্টি হামলা ও মামলায় জড়িয়ে পড়েন।
এসব বিষয়ে জানতে চাইলে সাংসদ আলী আজগার কোনো মন্তব্য করতে চাননি। তিনি দলের সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের সঙ্গে কথা বলতে বলেন।
সম্প্রতি আজাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সোলায়মান হক জোয়ার্দ্দারের সাথে আমার রাজনীতির সম্পর্ক অর্ধশত বছরের। আমি তাঁকে ওস্তাদ বলে সম্বোধন করি এবং তা বিশ্বাসও করি। কিন্তু কী কারণে, কার লাভের জন্য আমাকে দূরে ঠেলে দিলেন, তিনিই ভালো বলতে পারবেন। ব্যক্তি আজাদুল ইসলাম আজাদের জয়-পরাজয় নয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মর্যাদার বিষয়টি বিবেচ্য হওয়া দরকার ছিল।’
আজাদুল ইসলাম আরও বলেন, ‘আমি সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালীন দেখছি, হুইপের সহোদর পৌর মেয়র ‘রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারকে সেক্রেটারী পদে দেখতে চাই’ শীর্ষক দেয়াললিখন, ফেস্টুন ও ব্যানার টানিয়ে ব্যাপক প্রচারাভিযান চলছে। হুইপের ভাতিজা ‘নঈম জোয়ার্দ্দারকে যুবলীগের সভাপতি দেখতে চাই’ বলেও একই ধরনের প্রচারাভিযান চলছে। অনেকেই জানতে চাচ্ছেন, দলকে ব্র্যাকেটবন্দী করা হচ্ছে কি না?’
দলের তৃণমূলের বেশ কিছু নেতা-কর্মীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। এই পরিস্থিতিতে তাঁরা নাম প্রকাশ করে কথা বলতে চান না। তবে তাঁরা চান, দলের ভেতর নেতৃত্ব পর্যায়ে যে অনৈক্য দেখা দিয়েছে, আগামী নির্বাচনের আগেই যেন তার অবসান ঘটে। তাঁরা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারকেই এই উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন।
চুয়াডাঙ্গা শহরের কবরী রোডের বাসায় সম্প্রতি কথা হয় হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের সঙ্গে। এলাকায় তাঁর করা উন্নয়নের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘দলের নেতা-কর্মীদের যেমন চাওয়া-পাওয়া আছে, তেমনি সাধারণ মানুষেরও প্রত্যাশা অনেক। তবে কারও পক্ষেই সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘রাজনীতি করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। পারিবারিক জায়গাজমি বিক্রি করে দলের ও দলের বাইরের অসহায় মানুষের সেবা করেছি।’
দলের অনৈক্য প্রসঙ্গে হুইপ বলেন, ‘জেলা আওয়ামী লীগে কোনো অনৈক্য নেই। বড় দল হিসেবে মতপার্থক্য থাকতেই পারে। দলকে ব্র্যাকেটবন্দী করার ইচ্ছে আমার কখনো ছিল না, এখনো নেই। আমি জেলার নেতা। দল ও দলের নেতা-কর্মীদের চাঙা করতে জেলার সবখানে রাজনৈতিক সভা-সমাবেশ করা আমার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। কেউ যদি আমাকে নির্বাচনী এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, তাহলে সে বোকার স্বর্গে বাস করে।’
হুইপ সোলায়মান হক জানান, চলতি মাসেই জেলা আওয়ামী লীগের কাউন্সিল করা হবে। এরপর যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল করা হবে।