অন্তঃকোন্দল এড়াতে সতর্ক নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে সাংগঠনিক সক্ষমতা বাড়ানো এবং ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে ৬ মে খুলনায় প্রতিনিধি সভার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই প্রতিনিধি সভাকে কেন্দ্র করে নতুন করে কোনো ধরনের দ্বন্দ্ব এড়াতে সতর্ক অবস্থায় আছেন বিএনপির নেতারা।
এদিকে খুলনা মহানগর বিএনপির অন্য একটি অংশ সভা সামনে রেখে তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে একধরনের উত্তেজনা বিরাজ করছে।
গত মঙ্গলবার দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির এক যৌথ সভায় খুলনায় বিএনপির প্রতিনিধি সভা সফল করতে কোনো আনন্দ মিছিল, পরস্পরবিরোধী স্লোগান এবং কোনো ব্যক্তি সমর্থক গোষ্ঠীর শোডাউন না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এসব কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য শক্তিশালী স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৬ মে সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে মহানগর বিএনপি ও বিকেল ৪টায় একই স্থানে জেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রতিনিধি সভা সুশৃঙ্খলভাবে সফল করার জন্য চারটি উপকমিটি গঠন করা হয়েছে।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছরের জন্য ২০০৯ সালে গঠিত মহানগর কমিটি আজও চলছে। খুলনা মহানগর বিএনপির নতুন কমিটি গঠন না করাকে কেন্দ্র করে খুলনায় বিএনপির দুটি ধারার মধ্যে বিরোধও তুঙ্গে রয়েছে। এদিকে গত ফেব্রুয়ারিতে গঠিত খুলনা জেলা বিএনপির নতুন কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছিলেন দলটির একাংশের নেতা-কর্মীরা। তাঁরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং নতুন সাধারণ সম্পাদক আমীর এজাজ খানের কুশপুত্তলিকা দাহ করেন।
প্রতিনিধি সভা সামনে রেখে নতুন করে যেন কোনো কোন্দল তৈরি না হয় সে জন্য মিছিল, স্লোগান, শোডাউন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
খুলনা বিএনপির এক অংশের নেতৃত্ব প্রদানকারী খালিশপুর থানা কমিটির ‘বহিষ্কৃত’ সাধারণ সম্পাদক এস এম আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নগর বিএনপির শীর্ষ পদ আঁকড়ে থাকা একটি অংশ দলের বৃহত্তর ত্যাগী ও পরীক্ষিত একটি অংশকে বাইরে রেখে ৬ মে প্রতিনিধি সভার আয়োজন করেছে। এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি, যা স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ।’
আরিফুর রহমান আরও বলেন, ‘আমাদের যেহেতু জানানো হয়নি। কারও ডাকে নয়, আমাদের মতো করে প্রতিনিধি সভায় যোগ দেব। এ জন্য ৩১টি ওয়ার্ডের প্রতিটি থেকে বিএনপির ৭ জন ও নগরের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ জন করে উপস্থিত থাকবেন। এ ছাড়া থানা বিএনপির ১০ জন ও নগর শাখার ১০০ জন উপস্থিত থাকবেন। সব বিষয়ে প্রস্তুতি চলছে।’
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু প্রথম আলোকে বলেন, তৃণমূল পর্যায়ের অনৈক্য দূর করে দলকে আগামী দিনের নির্বাচন ও আন্দোলনের জন্য গড়ে তোলার জন্য এই প্রতিনিধি সভা। যেহেতু এটি প্রতিনিধি সভা, তাই কোনো আনন্দ মিছিল, পরস্পরবিরোধী স্লোগান এবং কোনো ব্যক্তি সমর্থক গোষ্ঠীর শোডাউন না করার আহ্বান জানানো হয়েছে।
দলের একটি অংশকে বাইরে রেখে এই প্রতিনিধি সভা করা হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম বলেন, ‘তৃণমূল পর্যায়ে বিভেদ দূর করে আন্দোলন ও নির্বাচনমুখী দল তৈরি করব। তাই কেউই আমন্ত্রণের বাইরে থাকবে না। দলের সবাইকে দাওয়াত করে প্রতিনিধি বানানো হবে, তাঁদের স্বাভাবিক বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। এ জন্য কমিটি করে দিয়েছি। কমিটির সদস্যরা কাজ করছেন।’