অন্তর্কোন্দলে ছাত্রলীগের দুজন আহত
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার ইউনিয়নের ইয়াছিন হাজির বাজারে এই ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন নোয়াখলা ইউনিয়ন (পশ্চিম) ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে শাকিল (২৪) ও ছাত্রলীগের কর্মী ইলিয়াছ শাহী ওরফে রুবেল (২৩)।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল বেলা ১১টার দিকে জাহিদুল, ইলিয়াছসহ কয়েকজন ইয়াছিন হাজির বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের একটি পক্ষের কয়েকজন তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলার মুখে পালিয়ে যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে জাহিদুল গুলিবিদ্ধ হন। পরে আশপাশের লোকজন আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, হাসপাতালে ভর্তি দুজনের মাথায় আঘাত আছে। একজন হাতেও আঘাত পেয়েছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বলেন, তিনি হাসপাতালে গিয়ে আহত দুজনকে দেখে এসেছেন। তবে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি ঠিক নয়। তিনি বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।