অন্তর্বর্তী নির্বাচনের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, সংবিধান মেনে পরবর্তী নির্বাচন হবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, সংবিধানে অন্তর্বর্তী নির্বাচন হতে কোনো বাধা-নিষেধ নেই।
‘কোন পথে যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক বিবিসি বাংলাদেশ সংলাপে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতারা এই মত দিয়েছেন। গতকাল শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি সংলাপের ৯৮তম পর্বে তাঁরা এ মত দেন।
তবে অন্তর্বর্তী নির্বাচনের বিষয়ে সংলাপের অপর আলোচক সাবেক রাষ্ট্রদূত নাসিম ফিরদৌস বলেন, দুই দল একমত হলে অন্তর্বর্তী নির্বাচন হতে পারে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান বলেন, মানুষ অধৈর্য হয়ে পড়েছে। দলগুলোর আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসতে হবে।
৫ জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশে মানুষের প্রতিনিধিত্বশীল শাসনব্যবস্থা আছে কি না, এ প্রশ্নের কোনো সরাসরি জবাব দেননি এইচ টি ইমাম। তিনি বলেন, একটি খেলায় দুই দল থাকে। যদি একদল না খেলে, তবে অন্য দল ওয়াকওভার পায়। ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তাই ১৫৩ আসনে ভোট গ্রহণ হয়নি। বাংলাদেশে একদলীয় শাসন শুরু হতে যাচ্ছে বলে উইলিয়াম বি মাইলামের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, মাইলাম বিশেষ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেন।
আবদুল মঈন খান বলেন, ৫ জানুয়ারি ছিল ভোটবিহীন নির্বাচন। গণতন্ত্রের মূলকথাই হচ্ছে মানুষের প্রতিনিধিত্ব, যেটা ৫ জানুয়ারি হয়নি।
বর্তমানে রোমভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের মহাপরিচালক আইরিন খান বলেন, শুধু নির্বাচন নয়; গণতন্ত্রের জন্য চাই স্বাধীন বিচারব্যবস্থা, সুশাসন, সমুন্নত মানবাধিকার, মুক্ত গণমাধ্যম। বাংলাদেশে এর সবগুলোতে গন্ডগোল আছে।
নাসিম ফিরদৌস বলেন, নির্বাচন গণতন্ত্রের একমাত্র মাপকাঠি নয়। এর আগে যাঁরা নির্বাচনে অংশ নিয়ে সংসদে গেছেন, তাঁরা ওয়াকআউট করেছেন, মানুষের প্রতিনিধিত্ব করেননি।
আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল যাতে অংশ নিতে পারে, সে জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকারের ফর্মুলা খুঁজে পাওয়া যাবে কি না, এ প্রশ্নে এইচ টি ইমাম বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে তাদের সামনে কোনো কলা-মুলা ঝুলবে না। সংবিধানের আলোকেই নির্বাচন হবে। খালেদা জিয়ার সাত দফা ঘুরেফিরে সেই এক কথা—নির্দলীয় নিরপেক্ষ সরকার।
মঈন খান এ বিষয়ে বলেন, সংবিধান কোনো বাইবেল নয় যে এর পরিবর্তন করা যাবে না। এর আগেও সব নির্বাচন সংবিধানের আলোকেই হয়েছে। নির্বাচনকালীন সরকারের কী হবে, এর সমাধান একমাত্র আলোচনা। বর্তমান সরকার অস্ত্রের জোরে ক্ষমতায় আছে।
আইরিন খান ও নাসিম ফিরদৌস উভয়েই মনে করেন, ইচ্ছা থাকলেই উপায় হবে। আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।
সংলাপ সঞ্চালনা করেন আকবর হোসেন।